গুজব ও ধারণার ভিত্তিতে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হলে দায় নিজের: শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i30397-গুজব_ও_ধারণার_ভিত্তিতে_বিনিয়োগ_করে_ক্ষতিগ্রস্ত_হলে_দায়_নিজের_শেখ_হাসিনা
শেয়ারবাজারে বিনিয়োগকারীদের উদ্দেশে বা্ংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গুজব ও ধারণার ওপর নির্ভর করে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হলে তার দায় ব্যক্তির নিজের।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জানুয়ারি ০৮, ২০১৭ ১৪:৫৬ Asia/Dhaka
  • বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শেয়ারবাজারে বিনিয়োগকারীদের উদ্দেশে বা্ংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গুজব ও ধারণার ওপর নির্ভর করে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হলে তার দায় ব্যক্তির নিজের।

আজ (রোববার) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে আয়োজিত বিনিয়োগ শিক্ষা কার্যক্রম উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী বলেছেন,  ‘ক্ষুদ্র বিনিয়োগকারীরা অনেক সময় তালিকাভুক্ত কোম্পানির আর্থিক বিবরণী ও অন্যান্য প্রাপ্ত তথ্য সঠিকভাবে বিশ্লেষণ করতে পারেন না। গুজব ও ধারণার ওপর নির্ভর করে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হন। ভুলভাবে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হলে সব দোষ দেয়া হয় সরকারকে। আমরা চাই বিনিয়োগকারীরা সঠিক ধারণা নিয়ে বিনিয়োগ করুক।’

কিভাবে, কোথায় বিনিয়োগ করতে হবে; তা একান্তভাবে জানতে হবে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, “আমরা বাঙালি, আমাদের সাধারণ চরিত্র হচ্ছে, হুজুগে মাতাল। আমরা হঠাৎ হুজুগে মেতে এমন করে ফেলি, শেষে সবকিছু হারিয়ে হায় হায় করি। কোনো তথ্য নেবেন না, যেখানে সেখানে একটা বিনিয়োগ করে সবকিছু হারিয়ে.. তারপর আসে কী, সব দোষ সরকারের, সব দোষ অর্থমন্ত্রীর। এটা যেন না হয়।“

প্রধানমন্ত্রী অশা করেন, বিএসইসি, স্টক এক্সচেঞ্জ ও তালিকাভুক্ত কোম্পানিগুলোর সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি বাজারে কর্মকাণ্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে একটি শক্তিশালী পুঁজিবাজার গড়ে উঠবে। সেবা ও অবকাঠামো খাতে ব্যাপক বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের  মাধ্যমে বিনিয়োগকারীদের সচেতনতা বাড়বে। এর ফলে বিনিয়োগকারীরা সঠিকভাবে বিনিয়োগ করে লাভবান হবেন এবং একটি জ্ঞাননির্ভর বিনিয়োগ গোষ্ঠীর উপস্থিতিতে পুঁজিবাজারে গতিশীলতা আসবে।

শেয়ারবাজারের বিদ্যমান ও সম্ভাব্য বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগ শিক্ষা কার্যক্রম শুরু করতে বিএসইসি দেশব্যাপী 'বিনিয়োগ শিক্ষা বা ফিন্যান্সিয়াল লিটারেসি' শীর্ষক কর্মসূচি হাতে নিয়েছে। আর এ কার্যক্রমের অংশ হিসেবে বিএসইসি আজকের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করে ।

এর আগে প্রধানমন্ত্রী রাজধানীর আগারগাঁওয়ে নির্মিত বিএসইসির নিজস্ব ১০ তলা ভবনের ফলক উন্মোচন করেন। ৬০ কোটি টাকা ব্যয়ে নিজস্ব এই অফিস ভবন নির্মাণ করেছে দেশের স্টক মার্কেটের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। ২০১৩ সালের ২৪ নভেম্বর ১০ তলা এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত নতুন বিএসইসি ভবন প্রতিষ্ঠানের মর্যাদা বৃদ্ধির পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থাটির কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

আজ উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৮