জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i30565-জিয়ানগর_উপজেলার_নাম_পরিবর্তন_রাজনৈতিক_উদ্দেশ্যপ্রণোদিত_রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, 'পিরোজপুর জেলাধীন জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এটি সরকারের আগ্রাসী প্রতিহিংসার আরেকটি শিকারের ঘটনা'
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ১০, ২০১৭ ১০:৪২ Asia/Dhaka
  • বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী আহমেদ (ফাইল ফটো)
    বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী আহমেদ (ফাইল ফটো)

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, 'পিরোজপুর জেলাধীন জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এটি সরকারের আগ্রাসী প্রতিহিংসার আরেকটি শিকারের ঘটনা'

আজ (মঙ্গলবার) সকালে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রেসব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে যেসমস্ত বীর সন্তানরা মাতৃভূমির জন্য লড়াই করেছেন তাদের নামে সড়ক-মহাসড়ক-স্থান-ভবন ইত্যাদির নামকরণ করা হয়েছে। কোলকাতার অনেক রাস্তাঘাটের নাম ইংরেজ সিভিলিয়ানদের নামে ছিল, স্বাধীনতার পর সেটি পরিবর্তন করে সেখানে কীর্তিমান স্বাধীনতা সংগ্রামীদের নাম দেয়া হয়েছে। এভাবে আমরা সেখানে দেখতে পাই-চিত্তরঞ্জন এ্যভিনিউ থেকে শুরু করে বিধাননগরসহ নানা স্থানে স্বজাতির বরেণ্য দেশনায়ক, কবি-সাহিত্যিক-বিজ্ঞানী অথবা সমাজ সংস্কারকদের নাম। শুধুমাত্র বর্তমান বাংলাদেশ হচ্ছে পৃথিবীতে একটি ব্যতিক্রমী দেশ, যেখানে সরকারের দিন-রাত্রি কাটে হিংসা-বিদ্বেষ-আক্রোশ আর রাজনৈতিক প্রতিপক্ষদের দমনে। 

তিনি আরও বলেন,  পিরোজপুর জেলাধীন জিয়ানগর উপজেলা থেকে জিয়ানগর নামটি বাদ দেয়া আমাদের গৌরবোজ্জল মুক্তিযুদ্ধ ও সকল মুক্তিযোদ্ধাদেরকেই অপমান করা। রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর আমলে জিয়ানগরে জলথানা প্রতিষ্ঠিত করেন এবং পরবর্তীতে এটিকে একটি পূর্ণাঙ্গ থানায় উন্নীত করেন। ২০০২ সালে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলে এটিকে উপজেলায় উন্নীত করেন, তখন এটির জিয়ানগর নামকরণ করা হয়। শুধুমাত্র সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নাম থাকার কারনেই এটি সরকারী আক্রমণের শিকার হলো। প্রতিহিংসা কত ভয়াবহ রুপ নিলে এ ধরনের সভ্যতা বিবর্জিত আক্রোশমূলক সিদ্ধান্ত নিতে পারে সরকার।

রিজভীয় বিএনপির পক্ষ থেকে সরকারের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে জিয়ানগর নাম বদলের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য আহবান জানান।

তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘জনগণের শাসন যদি কখনো কায়েম হয়, তখন যদি বর্তমান বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু স্টেডিয়াম, বঙ্গবন্ধু সেতু, বঙ্গবন্ধু নভোথিয়েটার এসবের নাম পরিবর্তন করে পূর্বের নাম যদি বহাল করা হয় তাহলে তখন আপনাদের বক্তব্য কী হবে? আপনারা কি দেশটাকে চিরদিনের জন্য মৌরুসিপাট্টা করে নিয়েছেন। ভাবছেন ক্ষমতা আর কোনোদিনই ছাড়তে হবে না?’

উল্লেখ্য, সোমবার মন্ত্রিপরিষদের সভায় পিরোজপুরের জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করে ‘ইন্দুরকানী উপজেলা’ ঘোষণা করা হয়।

রাজধানীতে সমাবেশের অনুমতির বিষয়ে ওবায়দুল কাদেরের মন্তব্যের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন,  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে, রাজধানীতে সমাবেশ করতে দেয়ার ক্ষমতা ডিএমপির। আওয়ামী লীগ নেতারা কী জনগণকে কাঁচকলার রাজনীতি শেখাচ্ছেন? জনগণ মনে হয় কিছুই বোঝেন না? ডিএমপির কাজ হচ্ছে অপরাধ দমন, গণতন্ত্রে বিরোধী দলের অধিকার দমন নয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য যদি সঠিক হয় তাহলে বুঝতে হবে গণতন্ত্রের পায়ে পুলিশ বেড়ি দিয়ে রেখেছে।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

পার্সটুডে/এআর/১০