আমাদের মূল্য লক্ষ্যটা হবে মানুষের সেবা করা: শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i30673-আমাদের_মূল্য_লক্ষ্যটা_হবে_মানুষের_সেবা_করা_শেখ_হাসিনা
জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
জানুয়ারি ১১, ২০১৭ ১৫:৫৬ Asia/Dhaka
  • জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (বুধবার) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, আমি চাই সততা, নিষ্ঠা, একাগ্রতার সাথে আপনারা স্ব-স্ব দায়িত্ব পালন করবেন। আমাদের মূল্য লক্ষ্যটা হবে মানুষের সেবা করা।

তিনি বলেন, আমাদের লক্ষ্য দেশের মানুষের কল্যাণে কাজ করা। আপনার স্ব স্ব জেলার উন্নয়নে কাজ করবেন। সমস্যাগুলো খুঁজে বের করবেন। তারপর সেগুলো সমাধানে কাজ করবেন।

জেলা পরিষদ চেয়ারম্যানদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনারা যে শপথ আজ নিলেন, সেই অনুযায়ী নিবেদিতপ্রাণ হিসেবে কাজ করবেন। জাতির পিতাকে হত্যার পর দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছিল। শুধু আওয়ামী লীগ ক্ষমতায় এলেই জনগণ বুঝতে পারে সরকার মানুষের কল্যাণে কাজ করে।

২০০০ সালে সংশ্লিষ্ট জেলা পরিষদ আইনটি পাসের ১৬ বছর পর গত ২৮ ডিসেম্বর ৫৯টি জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের ১৩১ বছরের ইতিহাসে এটিই ছিল জেলা পরিষদের প্রথম সরাসরি নির্বাচন।

আইনি জটিলতার কারণে কুষ্টিয়া ও বগুড়া জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এছাড়া তিন পার্বত্য জেলা পরিষদের নির্বাচন পৃথক আইনে অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদের নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন। এলজিআরডি সচিব আবদুল মালেক অনুষ্ঠান পরিচালনা করেন।

মন্ত্রিপরিষদের সদসবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১১