ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকায় বিক্ষোভ, আটক দুই শতাধিক
https://parstoday.ir/bn/news/bangladesh-i31471-ট্রাম্পের_বিরুদ্ধে_আমেরিকায়_বিক্ষোভ_আটক_দুই_শতাধিক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে পুলিশ দুইশ'র বেশি বিক্ষোভকারীকে আটক করেছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জানুয়ারি ২১, ২০১৭ ১৪:২৬ Asia/Dhaka
  • ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকায় বিক্ষোভ, আটক দুই শতাধিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে পুলিশ দুইশ'র বেশি বিক্ষোভকারীকে আটক করেছে।

শুক্রবার স্থানীয় সময় দুপুরে ওয়াশিংটনের ক্যাপিটল ভবনে আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন ডোনাল্প ট্রাম্প। ওইদিন সকাল থেকেই অনুষ্ঠানস্থল ঘিরে বিক্ষোভ শুরু করেন কয়েক হাজার মানুষ। এক পর্যায়ে বিক্ষোভকারীরা দোকান ও গাড়ির কাঁচ ভাংচুর করে। তারা ট্রাম্পের ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগান অনুসরণে ‘মেইক রেসিস্ট অ্যা ফ্রেইড এগেইন’ স্লোগান লেখা প্লেকার্ড বহন করেন এবং ট্রাম্পবিরোধী নানা স্লোগান দেন। এসময় বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে কয়েক জায়গায় সংঘর্ষ হয়। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও পেপার স্প্রে ব্যবহার করে।

ওয়াশিংটন পুলিশ জানিয়েছে, গাড়ি ভাংচুর ও সম্পদ বিনষ্টের অভিযোগে শুক্রবার ২১৭ জনকে আটক করা হয়েছে। 

এদিকে, আজ (শনিবার) সকাল থেকে ওয়াশিংটনে ট্রাম্প টাওয়ারের সামনে কয়েক হাজার বিক্ষোভকারী অবস্থান নিয়েছে। বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে একাধিক সংঘর্ষ হয়। পুলিশের একজন মুখপাত্র কোনো কোনো স্থানের বিক্ষোভকে দাঙ্গার সঙ্গে তুলনা করেছেন।

বিক্ষোভকারীরা বলছে, ট্রাম্পের ক্ষমতা গ্রহণ অবৈধ। ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই তারা ট্রাম্পের নাগরিক স্বার্থবিরোধী যেকোনো উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নেবে। তাদের লক্ষ্য, যেকোনো সিদ্ধান্ত গ্রহণের আগে ট্রাম্প যেন মনে রাখেন, দেশের বেশির ভাগ মানুষ তার বিরুদ্ধে ভোট দিয়েছেন।

গত ৮ নভেম্বরের নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে হিলারি ক্লিনটন জয়ী হন। তিনি ট্রাম্পের চেয়ে প্রায় ৩০ লাখ ভোট বেশি পেয়েছেন। কিন্তু বেশ কয়েকটি বড় অঙ্গরাজ্যে সামান্য ব্যবধানে জয় পেয়ে অধিকাংশ ইলেকটোরাল ভোট করায়ত্ত করে ডোনাল্ড ট্রাম্প অপ্রত্যাশিতভাবে বিজয়ী হন। মার্কিনীদের চোখে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের বৈধতা এখনও প্রশ্নবিদ্ধ। ক্ষমতা গ্রহণের তিন দিন আগে প্রকাশিত এক জনমত জরিপ অনুসারে, ৫৫ শতাংশ আমেরিকান ট্রাম্পের প্রতি বিরোধী মনোভাব পোষণ করেন।

পার্সটুডে/আশরাফুর রহমান/২১