খালেদা জিয়ার সঙ্গে সরকারের আলোচনা করা উচিত: জয়নাল আবদিন ফারুক
https://parstoday.ir/bn/news/bangladesh-i32952-খালেদা_জিয়ার_সঙ্গে_সরকারের_আলোচনা_করা_উচিত_জয়নাল_আবদিন_ফারুক
বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এবং আওয়ামী লীগের অধীনে কখনই সুষ্ঠু নির্বাচন হতে পারে না বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৪, ২০১৭ ১৫:০৭ Asia/Dhaka
  •  বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেছেন- বিএনপির সাথে সরকারের আলোচনা করা উচিত।
    বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেছেন- বিএনপির সাথে সরকারের আলোচনা করা উচিত।

বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এবং আওয়ামী লীগের অধীনে কখনই সুষ্ঠু নির্বাচন হতে পারে না বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক।

আজ (মঙ্গলবার) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ দাবি করেন। সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা একজন খাঁটি আওয়ামী লীগার  সে কারণেই  তিনি এমন মন্তব্য করেন। 

খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তৃণমূল নাগরিক আন্দোলন নামের  বিএনপিপন্থি একটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।

গত ৮ ফেব্রুয়ারি বিদায়ী প্রধান নির্বাচন কমিশনের মেয়াদ পূর্ণ হয়। এর আগেই রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করে দেশের বিশিষ্টজনের মতামতের ভিত্তিতে সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে সুপারিশ করে ১০ জনের নাম প্রস্তাব করে। সেই সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে নিয়োগ দেন। প্রধান নির্বাচন কমিশনার আগামী ১৫ ফেব্রুয়ারি শপথ নেবেন। এর আগেই বিএনপির বিভিন্ন নেতারা সিইসিকে বিতর্কিত ব্যক্তি উল্লেখ করে বক্তব্য দিচ্ছেন।

জয়নাল আবদিন ফারুক বলেন, ‘রাষ্ট্রপতি সার্চ কমিটির মাধ্যমে বেছে বেছে আওয়ামী নির্বাচন কমিশন গঠন করেছে। নুরুল হুদা একজন খাঁটি আওয়ামী লীগার। তিনি জনতার মঞ্চের খাঁটি নেতা ছিলেন। তাকে কি কারণে নিয়োগ দেয়া হয়েছে সে বিষয়ে বিএনপির বক্তব্য স্পষ্ট। সরকার ২০১৪ সালের মতো আরেকটি পাতানো নির্বাচন করতে চায়। আর সেই নির্বাচন কীভাবে হবে তার ট্রেনিং দেবার জন্য নুরুল হুদাকে নিয়োগ দেয়া হয়েছে।’

নির্বাচনকালীন সরকার নিয়ে খালেদার জিয়ার সঙ্গে ক্ষমতাসীনদের আলোচনার দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার ও আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জনগণের দাবি অনুযায়ী নির্বাচন করতে চাইলে খালেদা জিয়ার সঙ্গে আলোচনায় বসতেই হবে।’

আওয়ামী লীগের উদ্দেশ্যে ফারুক বলেন, ‘অনুগ্রহ করে ২০১৪ সালের মতো আর ফাঁকা মাঠে গোল দেবেন না। বল আপনাদের পায়ে, যদি মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তাহলে অনতিবিলম্বে  খালেদা জিয়ার সঙ্গে আলোচনায় বসুন।’

মানববন্ধনে আরও উপস্থিতি ছিলেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, জাগপার মহাসচিব খন্দকার লুৎফর রহমান, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/গাজী আবদুর রশীদ/১৪