নির্বাচনে বিএনপি অংশ নেবে, তবে শেখ হাসিনার অধীনে নয়: খন্দকার মাহবুব
https://parstoday.ir/bn/news/bangladesh-i34336-নির্বাচনে_বিএনপি_অংশ_নেবে_তবে_শেখ_হাসিনার_অধীনে_নয়_খন্দকার_মাহবুব
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি’ র ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন জানিয়েছেন, আগামী নির্বাচনে বিএনপি ‘অবশ্যই’ অংশ নেবে। “আমাদের নেত্রী গণতন্ত্রের নেত্রী, ভোটের অধিকারের নেত্রী। তিনি নির্বাচনে যাবেন। “কিন্তু বর্তমান সরকারের অধীনে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি এই নির্বাচন হতে দেবেন না।”
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১১, ২০১৭ ১৬:০৮ Asia/Dhaka
  • বিএনপি’ র ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন (ফাইল ফটো)
    বিএনপি’ র ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন (ফাইল ফটো)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি’ র ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন জানিয়েছেন, আগামী নির্বাচনে বিএনপি ‘অবশ্যই’ অংশ নেবে। “আমাদের নেত্রী গণতন্ত্রের নেত্রী, ভোটের অধিকারের নেত্রী। তিনি নির্বাচনে যাবেন। “কিন্তু বর্তমান সরকারের অধীনে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি এই নির্বাচন হতে দেবেন না।”

সংবিধান পরিবর্তন করে নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, “এমন একটি সরকার গঠন করুন, যে সরকারে প্রধানমন্ত্রীর সর্বময় ক্ষমতা থাকবে না। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন না।”

নির্বাচনকালীন একটি স্বতন্ত্র নির্বাচনি সংস্থার প্রস্তাব দিয়ে বিএনপির এই আইনজীবী নেতা বলেন, “ওই সংস্থা সবকিছুর উর্ধ্বে থাকবে, দলীয় রাজনীতির উর্ধ্বে থাকবে। এটা না হলে ৫ জানুয়ারির মতো আর নির্বাচন হতে দেয়া হবে না।”

আজ (শনিবার) জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশ ইয়ুথ ফোরাম’ এর একাদশ প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি  অভিযোগ করেন,  সরকারি সুযোগ-সুবিধার অপব্যবহার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনৈতিকভাবে তার দলের পক্ষে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন ।

সম্প্রতি বগুড়ার এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে তার দল নৌকা প্রতীকের পক্ষে ভোট চেয়েছেন।

প্রধানমন্ত্রীর পদে থেকে দলের নির্বাচনি প্রচারণা চালানোর বিষয়টি সংবিধানের কোথায় উল্লেখ আছে- জানতে চেয়ে খন্দকার মাহবুব বলেন, “আপনি সংবিধানের কথা বলেন, আইনের কথা বলেন। কিন্তু আপনি তো প্রধানমন্ত্রীর আসনে সমাসীন থেকে জনগণের ট্যাক্সের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন। এটা কোন নৈতিকতা? কোথায় আপনার সততা?।”

দলের জন্য কাজ করতে চাইলে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে মাঠে নামার আহ্বান জানান বিএনপির এই ভাইস চেয়ারম্যান।

বাংলাদেশ ইয়ুথ ফোরাম এর সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার ও নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ আলোচনায় অংশ নেন।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/গাজী আবদুর রশীদ/১১