প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশবাসীর প্রত্যাশা পূরণ হয়নি: ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i36048-প্রধানমন্ত্রীর_ভারত_সফরে_দেশবাসীর_প্রত্যাশা_পূরণ_হয়নি_ফখরুল
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দেশবাসীর প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আজ (মঙ্গলবার) দুপুরে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন মির্জা ফখরুল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১১, ২০১৭ ১৫:১৮ Asia/Dhaka
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দেশবাসীর প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আজ (মঙ্গলবার) দুপুরে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল আরো বলেছেন, ‘বর্তমান সরকার  নতজানু পররাষ্ট্রনীতি নিয়ে চলছে। তাই তারা দাবি আদায় করতে পারবে না। ফলে এই তাবেদার সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় এখন আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসতে হবে। কারণ এরা ভিন্ন কৌশলে নতুন পোশাকে একদলীয় শাসন প্রতিষ্ঠায় সকল প্রক্রিয়া সম্পূর্ণ করে চলেছে। ১৯৭১ সালের পর যে নিয়ন্ত্রিত বাংলাদেশ গড়ে তোলার নীলনকশা করেছিল, তা বাস্তায়নে অনেক দূর এগিয়ে গেছে।’

সভাপতির বক্তব্যে মাহমুদুর রহমান বলেছেন, ‘অনেকে বলে থাকে, আমরা ৪৬ বছরের সক্ষমতা হারিয়ে ফেলেছি। কিন্তু আমি বলবো সক্ষমতা হারাইনি, আমরা স্বাধীনতা হারিয়ে ফেলেছি। বাংলাদেশ আজকে স্বাধীন দেশ নয়।’

তিনি আরো বলেছেন, ‘আমি সেই স্বাধীনতা পুনরুদ্ধারের স্বপ্ন দেখি এবং আমাদের যে লড়াই সেটা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই ও ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই। কাজেই এই দুই লড়াইকে আমাদের এক করতে হবে। বাংলাদেশে হিন্দুত্ববাদের সরকারের যে প্রেতাত্মা ভর করেছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে হবে।’

দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সভাপতিত্বে  প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য দিয়েছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা। এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দিন আহমেদ, গণস্বাস্থ্য হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা.জাফরুল্লাহ চৌধুরী, ঢাবি শিক্ষক ড.দিলারা জামান, লেখক ও কবি ফরহাদ মাযহার,  প্রমুখ বক্তব্য দিয়েছেন।

এর আগে, সোমবার রাতে দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠকে ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাক্ষরিত  প্রতিরক্ষা চুক্তিসহ অন্যান্য সমঝোতা  চুক্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়। এসব চুক্তিকে জাতীয় স্বার্থবিরোধী অভিহিত করে দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলে দলটির নেতারা মনে করছেন। একইসঙ্গে তিস্তা চুক্তির বিষয়ে কোনো অগ্রগতি না হওয়ায় এ সফরের যৌক্তিকতা নিয়েও  প্রশ্ন তোলেন তারা।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/গাজী আবদুর রশীদ/১১