বিএনপি ক্ষমতার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে: শামসুজ্জামান দুদু
-
পা পা করে বিএনপি ক্ষমতার দিকে এগোচ্ছে-দুদু
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি ক্ষমতার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, এক থেকে দেড় বছরের মধ্যে বিএনপি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে এটাই বাস্তবতা। কারণ বিএনপি ক্ষমতার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে পাশাপাশি আওয়ামী লীগ ক্ষমতা থেকে পিছিয়ে যাচ্ছে। ২০ দল সরকার গঠন করবে। আর বিরোধী আসনে বসতে হবে আওয়ামী লীগ ও ১৪ দলকে।
আজ (শুক্রবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে দুদু এসব কথা বলেন। ভারতের সঙ্গে সার্বভৌমত্ব বিরোধী চুক্তির প্রতিবাদ এবং তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর ন্যায্য হিস্যার দাবিতে এ মানববন্ধন আয়োজন করে স্বাধীনতা অধিকার আন্দোলন নামের একটি সংগঠন।
শামসুজ্জামান দুদু আরও বলেন, বিএনপি দেশের প্রতিটি গণতান্ত্রিক নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেছে। সর্বশেষ ২০০৮ সালের নির্বাচনেও জয়লাভ করতো, যদি না ১/১১ ‘র সরকার ক্ষমতায় না আসতো। ক্ষমতায় যেতে জনগণের ভোট ছাড়া কখনো কাউকে বিএনপির প্রয়োজন হয়নি।
ভারতের সঙ্গে করা চুক্তির সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে করা প্রতিটি চুক্তি গোলামী চুক্তি বলে মনে করে দেশের মানুষ। তাই কী চুক্তি করেছেন সংসদে অথবা জনসম্মুখে প্রকাশ করুন। তা না হলে জনগণের মনে সন্দেহ আরও বেড়ে যাবে।
ভারতীয় সেনাবাহিনী প্রধানের ঘন ঘন বাংলাদেশ সফর সন্দেহজনক উল্লেখ করে তিনি বলেন, আমরা শুনতে পাচ্ছি আগামী ২৭ তারিখ নাকি আবার ভারতের সেনাবাহিনীর প্রধান বাংলাদেশে আসবেন। তিনি তো মাত্রই বাংলাদেশ সফর করে গেলেন। তার ঘন ঘন এই যাওয়া আসায় আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে শঙ্কিত হই।
এ সময়, হাওড় এলাকাকে দুর্গত এলাকা ঘোষণার বিএনপির দাবি প্রসঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা সচিবের বক্তব্যের সমালোচনাও করেন দুদু। তিনি বলেন, এসব এলাকায় হাজার কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে জেনেও একজন সচিব হয়ে তিনি মানবতাবিরোধী কথা বলেছেন। তাকে আইনের আওতায় আনা উচিত।#
পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/২১