আন্দোলনের জন্য প্রস্তুত হোন: বিএনপি নেতাকর্মীদের প্রতি নজরুল ইসলাম খান
https://parstoday.ir/bn/news/bangladesh-i36708-আন্দোলনের_জন্য_প্রস্তুত_হোন_বিএনপি_নেতাকর্মীদের_প্রতি_নজরুল_ইসলাম_খান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দলের নেতা-কর্মীদের ঝুঁকি নিয়ে লড়াইয়ে নামার প্রস্তুতি হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন,‘শিগগিরই গণতান্ত্রিক আন্দোলনের ডাক আসবে। প্রস্তুতি নিন।’
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৩, ২০১৭ ১৩:৫০ Asia/Dhaka
  • আন্দোলনের জন্য প্রস্তুত হোন:  বিএনপি নেতাকর্মীদের প্রতি নজরুল ইসলাম খান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দলের নেতা-কর্মীদের ঝুঁকি নিয়ে লড়াইয়ে নামার প্রস্তুতি হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন,‘শিগগিরই গণতান্ত্রিক আন্দোলনের ডাক আসবে। প্রস্তুতি নিন।’

রোববার দুপুরে রাজধানীর  ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে  নজরুল ইসলাম বলেন, ‘প্রয়োজনে ঝুঁকি নিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে জনগণকে সম্পৃক্ত করে লড়াইয়ের ময়দানে নামতে হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকুর মুক্তির দাবিতে ‘ঢাকাস্থ সিরাজগঞ্জ জেলার প্রাক্তন ছাত্রদল’ নেতারা এই সভার আয়োজন করে।

দেশের মানুষ এই সরকারের বিদায়ের মাধ্যমে পরিবর্তন চায় দাবি করে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, ‘জনগণ আওয়ামী লীগ সরকারের বিকল্প হিসেবে বিএনপিকে মনে করছে। তাই ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী লীগ নির্বাচন দিতে চায় না।’

আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায় অভিযোগ করে নজরুল বলেন, আওয়ামী লীগ ভালো করেই জানে অতীতে বাকশাল প্রতিষ্ঠা করে রক্ষীবাহিনী দিয়ে অত্যাচার নির্যাতন করায়  পুনরায় ক্ষমতায় যেতে তাদের ২১ বছর লেগেছে। এবার জনগণের ওপর ছেড়ে দেয়া হলে আবার কখন কবে ক্ষমতায় যাবে তার হিসাব নাই।’

এর আগে, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বর্তমান সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ দেশের সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে।

গতকাল শনিবার রাজধানীর জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী থাকবেন। এর বাইরে কিছু চিন্তা করার সুযোগ নেই। সে সময় সরকার নির্বাচন কমিশনকে চাহিদা মোতাবেক সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা করবে। আমি মনে করি, প্রতিটি দল আগামী সাধারণ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে।

তবে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বেপরোয়া ড্রাইভারের মতো রাজনৈতিক দুর্ঘটনার প্রস্তুতি নিচ্ছে। কোন সময় কোনটা ঘটিয়ে ফেলে, বলা যায় না। বিএনপির এখন আর ইস্যু নেই। এরা ক্ষমতা পাওয়ার জন্য বেপরোয়া হয়ে গেছে।

গতকাল (শনিবার) বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের আরো বলেন,গত সংসদ নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ‘ভুলের চোরাবালিতে’ আটকে গেছে মন্তব্য করে তিনি বলেন, ভুল গতবার করেছেন। চোরাবালি থেকে বের না হলে আপনাদের রাজনৈতিক অস্তিত্বই আগামীতে হুমকির মুখে পড়বে।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/গাজী আবদুর রশীদ/২৩