তিস্তার ন্যায্য হিস্যার দাবিতে সরকারকে জাতিংসংঘে যাওয়ার পরামর্শ ফখরুলের
https://parstoday.ir/bn/news/bangladesh-i36876-তিস্তার_ন্যায্য_হিস্যার_দাবিতে_সরকারকে_জাতিংসংঘে_যাওয়ার_পরামর্শ_ফখরুলের
তিস্তার ন্যায্য হিস্যার দাবিতে প্রয়োজনে জাতিসংঘে যেতে সরকারকে পরামর্শ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (বুধবার) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন। মুক্তিযুদ্ধ ও জিয়াউর রহমান গবেষণা পরিষদ কর্তৃক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে প্রকাশিত একটি সংকলন প্রকাশনা উৎসব উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৬, ২০১৭ ১৪:১৭ Asia/Dhaka
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ফটো)
    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ফটো)

তিস্তার ন্যায্য হিস্যার দাবিতে প্রয়োজনে জাতিসংঘে যেতে সরকারকে পরামর্শ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (বুধবার) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন। মুক্তিযুদ্ধ ও জিয়াউর রহমান গবেষণা পরিষদ কর্তৃক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে প্রকাশিত একটি সংকলন প্রকাশনা উৎসব উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী ভারত সফর থেকে কিছু নিয়ে আসতে পারেননি, যে কারণে তাঁকে ধন্যবাদ জানানো যায়নি। এ সরকার জনগণের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে।

হাওর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন,  হাওরের পানি উজান থেকে আসছে। ভারত বাঁধ দিয়ে পানি আটকে রাখে। বেশি পানি হলে বাঁধ ছেড়ে দেয়। তখন বাংলাদেশের অনেক অঞ্চল ডুবে যায়। পানির ন্যায্য হিস্যা আন্তর্জাতিক আইন অনুযায়ী বণ্টনের দাবি জানান তিনি। তিনি বলেন, ‘আমার পাওনা কোথায়? পাওনার কথা বললেই ভারতবিরোধী হয়ে গেলাম?’

নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি অবশ্যই নির্বাচন চায়। সে নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায়।

উল্লেখ্য,  তিস্তা নদীর পানিবণ্টন নিয়ে দুদিন আগে  অর্থাৎ ২৪ এপ্রিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে গিয়ে বলেছেন, ‘বাংলাদেশ আমাদের বন্ধু। বাংলাদেশকে আমরা ভালোবাসি। কিন্তু তিস্তায় জল না থাকলে কী করব? উত্তরবঙ্গের চাষের কাজে জল দিয়ে বাড়তি জল থাকলে তা দিতে আপত্তি নেই। কিন্তু রাজ্যকে বঞ্চিত করে জল দিতে পারব না।’ 

বাংলাদেশের সঙ্গে তিস্তার পানিবণ্টন চুক্তির বিষয়টি এখন ভারতের অভ্যন্তরীণ  রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে ফেলা হয়েছে। ভারতের কেন্দ্র ও রাজ্যেরে মধ্যকার এ টানাপোড়েন বাংলাদেশের জন্য অবশ্যই হতাশার বিষয়।#

র্পাসটুডে/আব্দুর রহমান খান/গাজী আবদুর রশীদ/২৬