দেশের নয়, উন্নয়ন হচ্ছে আ.লীগ.যুবলীগ ও ছাত্রলীগের: ফখরুল
-
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বাংলাদেশে ‘সরকারি কর্মকর্তাদের বেতন বেড়েছে কিন্তু কৃষক ভাইদের বেতন বাড়েনি বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কৃষকদের বেলায় বেড়েছে সার, বিদ্যুৎ, ডিজেলসহ নিত্য প্রয়োজনীয় সবকিছুর দাম। আজ (রোববার) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে উন্নয়ন হচ্ছে বলে দাবি করা হলেও আসলে উন্নয়ন হচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের। তারা জমি কিনছে, গাড়ি কিনছে, তিন চার তলা বাড়ি বানাচ্ছে”।
বিএনপি মহাসচিব আরো বলেন, তারা ক্ষমতা দখলে রেখে সম্পদ বানাবে; তাই তারা নির্বাচন দিতে চায় না। নির্বাচন দিলেও তারা নিজেরাই সব নিয়ন্ত্রণ করবে। সেটা কিভাবে জনগণ মেনে নেবে।’
তিনি বলেন, ‘আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সরকারের কাছে দাবি জানাচ্ছি, নির্বাচন দিন। আর সে নির্বাচন হতে হবে সবার অংশগ্রহণমূলক। নির্বাচনকালীন সময় একটা সরকার থাকতে হবে সে সরকার নিরপেক্ষ হবে। কারো পক্ষপাতিত্ব করবে না। আর নির্বাচন কমিশন হতে হবে একেবারে নিরপেক্ষ। তা না হলে নির্বাচন সুষ্ঠু হবে না।’
ওদিকে বিএনপিকে মে দিবসের সমাবেশের অনুমতি না দিয়ে সরকার শ্রমিক শ্রেণির কণ্ঠ স্তব্ধ করতে চায় বলে অভিযোগ করেছে শ্রমিক দলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিম।
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দেশের বৃহৎ শ্রমিক সংগঠন হিসেবে শ্রমিকদল প্রতিবছরের ন্যায় এ বছরও দেশের জনপ্রিয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে প্রধান অতিথি করে শ্রমিক সমাবেশের সকল প্রস্ততি সম্পন্ন করেছিল। সকল পর্যায়ের শ্রমিক কর্মচারিরা মে দিবস পালন করার জন্য চুড়ান্তভাবে প্রস্তুত ছিল কিন্তু সরকার ও পুলিশ প্রশাসন এই গণতান্ত্রিক ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত দিবসটিতে সমাবেশ করতে না দিয়ে শ্রমিকদের রক্তাক্ত ও মহিমান্বিত দিবসটিকে চরমভাবে অবমাননা করেছে।
সরকার ও প্রশাসনের এমন আচরণের তীব্র নিন্দা জানিয়ে পহেলা মে সোমবার সকাল ১০টায় বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত শ্রমিক র্যালি করার ঘোষণা দেন নাসিম।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/গাজী আবদুর রশীদ/৩০