আ.লীগ একতরফা নির্বাচনি খেলা-খেলে জয়ী হতে চায়: মির্জা ফখরুল
-
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ চায়, নিজেরা রেফারি থাকবে; নিজেরাই লাইন্সম্যান থাকবে; আর নিজেরাই একতরফা খেলে জয়ী হবে। কিন্তু এবার সে একতরফা খেলা হবে না।
আজ (বুধবার) দুপুরে রাজধানীতে বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক দল কল্যাণ পার্টির এক আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচন সংবিধান মোতাবেক হবে বলে সরকার বারবার দাবি করলেও বাস্তবতা হল সংবিধানকে তাঁরা কেটেকুটে কাগজে পরিণত করেছে।
আওয়ামী লীগের দুর্নীতির অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদকই তো নিজের দলের সদস্যদের উদ্দেশ্য করে বলে দিয়েছেন ‘যা আয় করেছো, ক্ষমতায় না থাকলে বিদেশে পালাতে হবে। দুর্নীতির কথা তারা এখন নিজেরাই বলতে শুরু করেছেন। দেশের কী দুরবস্থা করেছেন তারা, সেইসব কুকীর্তি তাদের মুখ থেকেই বেরিয়ে আসছে।’
গণমাধ্যমের বরাত দিয়ে মির্জা ফখরুল বলেন, খবর বেরিয়েছে ১০ বছরে সাড়ে তিন লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। আমাদের প্রধান বিচারপতি বলেছেন, দেশে আইনের কোন শাসন নেই। প্রতি পদে পদে বিচার বিভাগের ওপর প্রশাসনিক প্রভাবের চেষ্টা করা হচ্ছে । আপিল বিভাগকে অচল করে দেয়া হচ্ছে। এটা অত্যন্ত গুরুতর অভিযোগ।
ওদিকে, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উপলক্ষ জাতীয় প্রেসক্লাবে ভিন্ন আলোচনা সভায় অংশ নিয়ে মির্জা ফখরুল দাবি করেন, আওয়ামী লীগ ও গণমাধ্যমের স্বাধীনতা একসঙ্গে যায় না। শুধু গণমাধ্যম নয়, এখন রাজনীতি-অর্থনীতি কোথাও স্বাধীনতা নেই। সব আওয়ামী লীগের হাতে চলে গেছে।
মির্জা ফখরুলের ভাষ্য, অতীতে ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ গণমাধ্যম নিয়ন্ত্রণ করেছে। এখন এই নিয়ন্ত্রণ আরও বেড়েছে।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/গাজী আবদুর রশীদ/৩