আইনমন্ত্রী শপথ ভঙ্গ করেছেন, কমপ‌ক্ষে চারবার সাজা হওয়া উচিত: রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i47459-আইনমন্ত্রী_শপথ_ভঙ্গ_করেছেন_কমপ_ক্ষে_চারবার_সাজা_হওয়া_উচিত_রিজভী
বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকের দেয়া বক্তব্যের সমালোচনা করে অবিলম্বে তাঁর পদত্যাগ ও শাস্তি দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ১৪, ২০১৭ ১১:৫২ Asia/Dhaka
  • রুহুল কবির রিজভী আহমেদ
    রুহুল কবির রিজভী আহমেদ

বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকের দেয়া বক্তব্যের সমালোচনা করে অবিলম্বে তাঁর পদত্যাগ ও শাস্তি দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

আজ (শনিবার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এ দাবি করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের মুক্তি দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন।

গতকাল অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ত্যাগের আগে সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, ‘আমি সম্পূর্ণ সুস্থ আছি। কিন্তু ইদানিং একটা রায় নিয়ে রাজনৈতিক মহল, আইনজীবী, বিশেষভাবে সরকারের মাননীয় কয়েকজন মন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ব্যক্তিগতভাবে যেভাবে সমালোচনা করেছেন, এতে আমি সত্যিই বিব্রত।’

দেশ ত্যাগের আগে এস কে সিনহা

এর আগে ছুটি নিয়ে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, প্রধান বিচারপতি ক্যান্সারে আক্রান্ত, নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এজন্য তিনি একমাসের ছুটি চেয়েছেন।

এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘আইনমন্ত্রীর কমপ‌ক্ষে চারবার বিচারের মাধ্যমে সাজা হওয়া উচিত। উনি (আইনমন্ত্রী) মিথ্যা কথা ব‌লে‌ছেন ‌যে, প্রধান বিচারপ‌তি (সুরেন্দ্র কুমার সিনহা) ক্যান্সা‌রে আক্রান্ত। কিন্তু প্রধান বিচারপতি গতকাল ব‌লে‌ছেন যে তি‌নি সুস্থ আছেন। মন্ত্রী হওয়ার সময় তি‌নি শপথ ক‌রে‌ছি‌লেন যে অনুরা‌গের বশবর্তী হ‌য়ে মিথ্যা বল‌বেন না। তিনি শপথভঙ্গ ক‌রেছেন। এই কারণেই উনার(আইনমন্ত্রীর) সাজা হ‌ওয়া উচিত।’

তিনি বলেন, প্রধান বিচারপতি কোনো ব্যক্তি নন তিনি প্রতিষ্ঠান। তার ওপর আঘাত করা হয়েছে। তিনি বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন। তার মানে বিচার বিভাগের ওপর সন্ত্রাসী কায়দায় আক্রমণ করা হয়েছে এটা আজ প্রমাণিত। এই মুহুর্তে আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।

আইনমন্ত্রী আনিসুল হক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি প্রসঙ্গে রিজভী বলেন, ‘খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন। তিনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী শরীর চেকআপ করাচ্ছেন। এখন তার দেশে ফেরার সময় হয়েছে। কিন্তু ঠিক এই মুহূর্তে খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় পরোয়ানার হিড়িক পড়েছে। কুমিল্লা এবং ঢাকার বিভিন্ন আদালতে পুরোনো মামলায় পরোয়ানা দেওয়া হচ্ছে।’

রিজভী বলেন, ‘শেখ হাসিনা মনে করছেন তিনি নিরাপদ। এ জন্যই বিএনপির ওপর এতো নিপীড়ন ও হয়রানি। কিন্তু তিনি মুর্খের স্বর্গে বাস করছেন। কারণ প্রধানমন্ত্রী আপনার জানা আছে বিএনপির নেতা ইলিয়াস আলী, হিরু পারভেজ, চৌধুরী আলমসহ ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীকে গুম করেও বিএনপিকে স্তব্ধ করতে পারেননি। বিএনপি মরেনি। বরং আজও কোটি কোটি কণ্ঠে বিএনপির পক্ষে আওয়াজ হয়, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আওয়াজ হয়। সুতরাং খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়না জারি করে প্রধানমন্ত্রী আপনার স্বপ্ন সাধ, অঙ্গীকার পুরণ হবে না।'

জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের সভাপতি এম জাহাঙ্গীর আলম ছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, আমিনুল ইসলাম, এমএ হান্নান প্রমুখ।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৪