এবার চট্টগ্রামে খালেদার গাড়িবহরে হামলা, বিএনপি বলছে 'পরিকল্পিত'
ফেনীর পর এবার চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়েছে। এসময় ভাঙচুর করা হয়েছে বেসরকারি টিভি চ্যানেল এনটিভি'র গাড়ি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (শনিবার) রাত পৌনে ৮টার দিকে মিরসরাই উপজেলার বারইয়ারহাটে এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত ইট ছুড়ে এনটিভি’র গাড়ির দু’পাশে গ্লাস ভেঙে দেয়। এতে বেসরকারি ওই টিভি চ্যানেলটির সিনিয়র করেসপনডেন্ট হাসান মাহমুদ ও সিনিয়র ব্রডকাস্ট টেকনিশিয়ান সাঈদ আহমেদ আহত হন।
এর আগে বিকেল পৌনে ৫টার দিকে বিএনপি চেয়ারপারসনের গাড়িসহ বহরের একাংশ ফেনীর ফতেহপুর এলাকার দেবীপুরে পৌঁছালে হামলার ঘটনা ঘটে। ৪০-৫০ জন যুবক লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের তিনটি গাড়ি ভাঙচুর করে। তাদের হামলায় একাত্তর, ডিবিসি, চ্যানেল আই ও বৈশাখী টিভির চ্যানেলের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। দুর্বৃত্তদের হামলায় একাত্তর টিভির শফিক আহমেদ, বৈশাখী টিভির গোলাম মোর্শেদ এবং ডিবিসি’র ক্যামেরাপারসনসহ কমপক্ষে পাঁচজন আহত হন।
সেখান থেকে ফেনীর নিমচর এলাকায় পৌঁছার পর আবার হামলার শিকার হয় বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর। সেখানে দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করলে খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারের গাড়ির কাচ ভেঙে যায়।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার পেছনে ক্ষমতাসীন আওয়ামী লীগকে দোষারোপ করছেন। তার দাবি, "আওয়ামী লীগের দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। একটা পুরোপুরি শান্তিপূর্ণ ও মানবিক কাজে এ হামলা নিন্দনীয়।"
এদিকে, হামলার পর বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার যাওয়ার পথে কয়েক জায়গায় বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলা হয়েছে।
তিনি বলেন, "বিএনপি চেয়ারপার্সনের গাড়িবহর এবং বিএনপি নেতাকর্মীদের গাড়িসহ গণমাধ্যমের ওপর এই আক্রমণ বর্তমানে গণতন্ত্রের সংকটকে আরো ঘনীভুত করল এবং দেশ থেকে শান্তি, সহাবস্থান, স্থিতি ও পরমতসহিষ্ণুতা ফিরে আসার বদলে জুলুম-সন্ত্রাসের নানা ডাইমেনশনকেই স্বীকৃতি দেয়া হলো।"
রিজভী বলেন, "বেগম জিয়ার বিপুল জনপ্রিয়তায় কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলে এখন ভোটারবিহীন সরকার জনগণের ওপর প্রতিশোধ নিতেই বরাবরের মতো রক্তাক্ত সন্ত্রাসকে অবলম্বন করে দেশনেত্রীর গাড়িবহরে বেপরোয়া হামলা চালিয়েছে। আওয়ামী লীগের মহৎ কৃতিত্ব হচ্ছে গণতন্ত্রকে বধ করে বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে নানা ধরণের নিষ্ঠুর-নির্দয় নির্যাতন করা।"
তিনি বিএনপি চেয়ারপার্সনের গাড়িবহরে, গণমাধ্যমের গাড়িতে হামলা ও সাংবাদিকদেরকে শারীরিকভাবে আক্রমণসহ বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে আহত করার তীব্র নিন্দা ও ধিক্কার জানান। সেইসঙ্গে সাংবাদিকসহ আহত বিএনপি নেতাকর্মীদের প্রতি সমবেদনা জানান এবং তাদের আশু সুস্থতা কামনা করেন। #
পার্সটুডে/আশরাফুর রহমান/২৮