রোহিঙ্গাদের বেশিদিন আশ্রয় দেওয়া সম্ভব নয়, দ্রুত ফিরিয়ে নিন: খালেদা জিয়া
-
রোহিঙ্গাদের মাঝে বেগম খালেদা জিয়া
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ (সোমবার) দুপুর সোয়া একটার দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ইউনিয়নের কাটাখালী ক্যাম্পে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণের পরে তিনি এ আহ্বান জানান।
মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে সাময়িক আশ্রয় দেওয়ার কথা উল্লেখ করে সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের বেশিদিন আশ্রয় দেওয়া সম্ভব নয়। এ বিশাল জনগোষ্ঠীর চাপ সামলানোর মতো অবস্থা বাংলাদেশের নেই। তাদের দ্রুত যেকোনো মূল্যে ফিরিয়ে নিতে হবে।
এ সময়ই খালেদা জিয়া অভিযোগ করেন, রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে সরকার উল্লেখযোগ্য কোনও উদ্যোগ গ্রহণ করতে পারে নাই। রোহিঙ্গাদের মধ্যে যেভাবে ত্রাণ দেওয়া দরকার ছিল, সরকার তা পারে নাই। বরং তারা বিভিন্নভাবে ত্রাণ দিতে বাধা দিয়েছে।
তিনি শরণার্থী ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বও সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান।
মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক আছে এমন মিত্র দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার, আন্তর্জাতিক স্তরে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ এবং তৎপরতার মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধানের ওপরও জোর দেন খালেদা জিয়া।
এর আগে দুপুর পৌনে ১২টার দিকে ময়নারঘোনা এলাকায় পৌঁছান বিএনপি চেয়ারপারসন। আগে থেকেই সেখানে সারিবদ্ধভাবে রোহিঙ্গা নারী-পুরুষরা ত্রাণের জন্য লাইন ভিড় করেন।
বিএনপির ত্রাণ কমিটির প্রধান মির্জা আব্বাস আগেই ১১০ টন ত্রাণবাহী ৪৫টি ট্রাক সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছেন। এর মধ্য থেকে কিছু সামগ্রী নিয়ে খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন। পরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন খালেদা জিয়া।
খালেদা জিয়ার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আবদুল্লাহ আল নোমানসহ জ্যেষ্ঠ নেতারা রয়েছেন।
আজ বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার সার্কিট হাউস থেকে যাত্রা শুরু করে খালেদা জিয়ার গাড়িবহর। এ সময় তাঁর সঙ্গে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আগামীকাল ঢাকায় ফিরবেন খালেদা জিয়া।#
পার্সটেুডে/আশরাফুর রহমান/৩০