যেকোনো পরিস্থিতিতেই নির্বাচনে যাবে বিএনপি: মওদুদ আহমদ
https://parstoday.ir/bn/news/bangladesh-i48127-যেকোনো_পরিস্থিতিতেই_নির্বাচনে_যাবে_বিএনপি_মওদুদ_আহমদ
যেকোনো প্রতিকূল পরিস্থিতিতেও নির্বাচনে যাবে বিএনপি- এমনটাই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, "যত অত্যাচার, নির্যাতন হোক না কেন, যত প্রতিকূল পরিবেশ তৈরি হোক না কেন, বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে।"
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ০৩, ২০১৭ ১৪:১২ Asia/Dhaka
  • যেকোনো পরিস্থিতিতেই নির্বাচনে যাবে বিএনপি: মওদুদ আহমদ

যেকোনো প্রতিকূল পরিস্থিতিতেও নির্বাচনে যাবে বিএনপি- এমনটাই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, "যত অত্যাচার, নির্যাতন হোক না কেন, যত প্রতিকূল পরিবেশ তৈরি হোক না কেন, বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে।"

আজ (শুক্রবার) সকালে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত আলোচনা সভায় ব্যারিস্টার মওদুদ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি আগামী নির্বাচনে অংশ না নিলে নির্বাচনই হবে না। তাই সরকারকে সমঝোতার মাধ্যমে বিএনপিকে নিয়েই নির্বাচন করতে হবে। জনমতের চাপে বিএনপির সঙ্গে সমঝোতায় আসতে সরকার বাধ্য হবে। বিএনপির সহায়ক সরকারের দাবিও সরকারকে মানতেই হবে।

ব্যারিস্টার মওদুদ বলেন, এই নির্বাচনে গণজোয়ার হবে। সরকার সমঝোতায় না এলে বাংলাদেশের মাটিতে গণবিস্ফোরণ হবে। কারণ, এই সরকারের অত্যাচার মানুষের সহ্যের সীমা ছেড়ে গেছে। মানুষের এখন অন্য কোনো আশ্রয় নেই, পথ নেই। ১০ বছর ক্ষমতায় থেকে আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা একটি সন্ত্রাসী রাজনৈতিক দল।

ফেনীতে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা প্রসঙ্গে তিনি বলেন, দলীয় চেয়ারপারসনের অগ্রযাত্রা ব্যাহত করতেই ক্ষমতাসীনরা হামলা করেছে। কিন্তু এভাবে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। চেয়ারপারসন আবারও বের হবেন, কর্মসূচি পালন করবেন।

মওদুদ আহমদ বলেন, সরকারের কাছ থেকে জনগণ একটা কথাই শিখছে, মিথ্যা বলতে হবে। সদা-সর্বদা মিথ্যা কথা বলিবে। কক্সবাজারে যাওয়ার পথে বিএনপি নেত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা কারা করেছে, কে করেছে, সবাই জানে। দেশের মানুষ সকলেই জানে, এমনকি যারা এই হামলার দায় অস্বীকার করছে, তারাও জানে। এটা আওয়ামী লীগের ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা করেছে। কিন্তু মিথ্যার আশ্রয় নিয়ে লজ্জাজনকভাবে গ্রেপ্তার করা হচ্ছে বিএনপি নেতাকর্মীদের।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

জোর করে স্বীকারোক্তি আদায় করা হচ্ছে: রিজভী

এদিকে ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় বিএনপির লোকদের কাছ থেকে জোর করে স্বীকারোক্তি আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ (শুক্রবার) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। আগামী ৭ নভেম্বর দলের 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

রিজভী জানান, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৮ নভেম্বর সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছেন তারা। সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি চলছে। তবে সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকবেন কি না, তা এখনই জানাতে চাননি তিনি।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/৩