‌‘গণজোয়ার’ এলে প্রশাসন ও পুলিশ ক্ষমতাসীনদের পক্ষে থাকবে না: মওদুদ
https://parstoday.ir/bn/news/bangladesh-i48152-গণজোয়ার’_এলে_প্রশাসন_ও_পুলিশ_ক্ষমতাসীনদের_পক্ষে_থাকবে_না_মওদুদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, দেশের মানুষ সরকারের পরিবর্তন চায়। আর সরকার পরিবর্তনের ‌‘গণজোয়ার’ এলে প্রশাসন ও পুলিশ ক্ষমতাসীনদের পক্ষে থাকবে না।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ০৪, ২০১৭ ১৪:১৪ Asia/Dhaka
  • বক্তব্য রাখছেন ব্যারিস্টার মওদুদ আহমেদ
    বক্তব্য রাখছেন ব্যারিস্টার মওদুদ আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, দেশের মানুষ সরকারের পরিবর্তন চায়। আর সরকার পরিবর্তনের ‌‘গণজোয়ার’ এলে প্রশাসন ও পুলিশ ক্ষমতাসীনদের পক্ষে থাকবে না।

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ (শনিবার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সরকারকে উদ্দেশ করে মওদুদ আহমেদ বলেন, “একটা ভোট দিয়ে দেখেন, মানুষ পরিবর্তন চায় কিনা। সুষ্ঠু নির্বাচন হলে আপনারা বুঝতে পারবেন, আপনাদের জনপ্রিয়তা কোথায় নেমে গেছে। জোর করে সন্ত্রাস করে, পুলিশ দিয়ে, র‌্যাব দিয়ে কত দিন আপনারা দেশ চালাবেন?

নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে মওদুদ আহমেদ বলেন, আইয়ুব খানের আমল থেকে শুরু করে আমরা দেখেছি, একটা সময় আসবে... দেশের মানুষ ও প্রশাসন যখন দেখবে যে এই সরকারকে পরিবর্তন করার জন্য গণজোয়ার উঠে গেছে তখন দেখবেন যে প্রশাসন বা পুলিশ অফিসাররা আছেন, তারাই আবার জনগণের কাতারে এসে জনগণের সঙ্গে হাত মেলাবে, আপনাদের সঙ্গে থাকবে না।

দেশে গণতন্ত্র নেই দাবি করে বিএনপির এই নেতা বলেন, “বেগম খালেদা জিয়ার যাত্রাপথে বাধার সৃষ্টি করে কোনো লাভ হবে না। শত বাধা আমাদেরকে বন্ধ করতে পারবে না, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, দেশে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমাদেরকে যাত্রা অব্যাহত থাকবে। 

ব্যারিস্টার মওদুদ আহমেদ 

নির্বাচনকালীন সহায়ক সরকারের কথা উল্লেখ করে মওদুদ আহমদ বলেন, “সহায়ক সরকার হচ্ছে এমন একটি সরকার... আমরা নির্বাচনে সময়ে দেখতে চাই যে, সরকারের রাজনৈতিক স্বার্থ থাকবে না। অর্থাৎ এটা একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার। যে সরকারের অধীনে নির্বাচন হবে, নির্বাচনে সেনাবাহিনী থাকতে হবে এবং নির্বাচনের ৯০ দিন আগে সংসদ ভেঙে দিতে হবে।”

মওদুদ আরও বলেন, “সমঝোতায় যদি না আসেন দেশের মানুষ রাস্তায় নামবে, গণবিস্ফোরণ হবে। সেই বিস্ফোরণের মধ্য দিয়ে অতীতে যেমন সরকারের পরিবর্তন হয়েছে, বর্তমান সরকারেরও ভোটের মাধ্যমে পরিবর্তন হবে ইনশাল্লাহ।”

এর আগে গতকাল, রাজধানীতে এক অনুষ্ঠানে ব্যারিস্টার মওদুদ আহমেদ দলের নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, সরকার কোনো যড়যন্ত্র করে বিএনপিকে নির্বাচন থেকে বিরত রাখতে পারবে না। যত প্রতিকূল অবস্থায়ই থাকুক না কেন, বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নেবে। আওয়ামী লীগ এটা ঠেকাতে পারবে না। আর আগামী নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হলে গণবিস্ফোরণ হবে। আর এই নির্বাচনের আগে বিএনপির সঙ্গে সমঝোতা করতে বাধ্য হবে সরকার।

জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব

সরকার গুন্ডামি করে ক্ষমতায় থাকতে চায়: রব

ওদিকে,  জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, 'সরকার গুন্ডামি করে ক্ষমতায় থাকতে চায়। দেশে এখনও ক্রসফায়ারে মাধ্যমে মানুষ খুন করা হচ্ছে। এসব কাজ বন্ধ না হলে পরিণতি ভয়াবহ হবে।

আজ রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেছেন, দেশে চিরস্থায়ী ক্ষমতায় থাকার ব্যবস্থা করা হচ্ছে। বাকশাল করে আওয়ামী লীগ যে দুর্নাম কুড়িয়েছে। আবারও ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতায় থাকতে চাইলে তাদের পরিণতি সম্পর্কে সতর্ক থাকতে হবে। #

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৪