লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি বিএনপির, সমর্থন ইসলামী ঐক্যজোটের
https://parstoday.ir/bn/news/bangladesh-i48536-লেভেল_প্লেয়িং_ফিল্ড_তৈরির_দাবি_বিএনপির_সমর্থন_ইসলামী_ঐক্যজোটের
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনি পরিবেশ তৈরি করতে হবে। বিরোধীদলগুলোর নেতাদের মামলা প্রত্যাহার করতে হবে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ১৮, ২০১৭ ১৫:৪৫ Asia/Dhaka

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনি পরিবেশ তৈরি করতে হবে। বিরোধীদলগুলোর নেতাদের মামলা প্রত্যাহার করতে হবে।

শনিবার দুপুরে রাজধানীতে ‘ভাসানী স্মৃতি সংসদ’ আয়োজিত এক আলোচনা সভায়  মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচন সব দলের অংশগ্রহণ দেখতে চায় মানুষ। নিরপেক্ষ-নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন হলেই এমনটি সম্ভব হবে।

সরকারের উদ্দেশে বিএনপি মহাসচি বলেন,  আপনারা একদিকে মানুষের অধিকার কেড়ে নিচ্ছেন, অন্যদিকে মিথ্যা প্রচার চালাচ্ছেন যে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। তিনি প্রশ্ন করেন, কোন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে? যে সংবিধান আপনারা তৈরি করেছেন অনির্বাচিত সংসদে বসে ?

নির্বাচন কমিশনকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, ‘শুধু নির্বাচনের আগে ৯০ দিন নিরপেক্ষ থাকবেন তা হবে না। একদিকে সরকার দরীয় লোকেরা হেলিকপ্টারে করে নির্বাচনি প্রচারণা চালাবে আর অন্যদিকে বিএনপি চেয়াপারসনসহ আমরা যারা বিরোধী রাজনৈতিক দলে আছি তারা প্রতিদিন আদালতের বারান্দায় থাকব সেটা হবে না। লোক দেখানো নিরপেক্ষতা দেখালে চলবে না।’

মির্জা ফখরুল দাবি করেন, এখন থেকেই নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে, বিরোধী নেতাকর্মীদের সকল মামলা প্রত্যাহার করতে হবে এবং নির্বাচনের আগে বর্তমান সংসদ ভেঙে দিতে হবে।

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহ

দেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের গুরুত্ব প্রসঙ্গে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহ রেডিও তেহরানকে বলেন, বিএনপিসহ অন্যান্য  রাজনৈতিক দলের দাবিগুলোর যৌক্তিকতা রয়েছে। সবচেয়ে বড় কথা সকলের অংশগ্রহণে সবার কাছে গ্রহণযোগ্য একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দল গুলির একটি সমঝোতা অবশ্যই দরকার।

এর আগে শুক্রবার টাঙ্গাইলে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেছেন, সরকার (আওয়ামী লীগ) ক্ষমতা হারানোর ভয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে গভীর ষড়যন্ত্র করছে। #

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৮