প্রধানমন্ত্রীর বক্তব্য প্রমাণ করে তারা গুম-খুনের সঙ্গে জড়িত: বিএনপি
-
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বর্তমান সরকার গুম খুনের সঙ্গে জড়িত- প্রধানমন্ত্রীর বক্তব্য তারই প্রমাণ করে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গুম নিয়ে সংসদে প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, তাতে তারা এটা স্বীকার করে নিয়েছেন যে গুম হচ্ছে এবং তারাই এই গুমের সঙ্গে জড়িত। আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে প্রতিপক্ষকে গুম করে ফেলা হচ্ছে।
আজ (শুক্রবার) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপি মহাসচিব।
বিদ্যুতের দাম বৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, সরকার অযৌক্তিকভাবে বিদ্যুতের দাম বাড়িয়েছে। নিজেদের ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ীকে লুটপাটের সুযোগ করে দিতে আবারও দাম বাড়ানো হয়েছে।
রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার বাংলাদেশ সমঝোতা স্মারক সই প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, মিয়ানমারের সঙ্গে করা চুক্তিতে ফিরে যাওয়ার পর রোহিঙ্গাদের নিরাপত্তার কোন গাইডলাইন নেই। ওই চুক্তির বিস্তারিত জনসমক্ষে প্রকাশেরও দাবি জানান তিনি।
দেশ এখন গভীর সংকটে: মওদুদ
এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সংবিধান মানুষের জন্য, মানুষ সংবিধানের জন্য নয় এবং সংবিধান জনগণের ঊর্ধ্বে নয়।
আজ (শুক্রবার) দুপুরে নোয়াখালীর মাইজদীর একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি’র নির্বাহী কমিটির প্রথম সভায় তিনি এ মন্তব্য করেন।
মওদুদ আহমদ বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে সংবিধান কোন বাধা হবে না। দেশ এখন অত্যন্ত গভীর সংকটের মধ্যে রয়েছে। সমঝোতার মাধ্যমে সরকারকে এ সংকট নিরসন করতে হবে।
তিনি আরও বলেন, "আমরা ভোটের অধিকার, গণতন্ত্র, মৌলিক অধিকার, আইনের শাসন, সংবাদপত্রের স্বাধীনতা হারিয়েছি, সর্বশেষ বিচার বিভাগের স্বাধীনতাও হারিয়েছি। খালেদা জিয়া এবং জাতীয়তাবাদী দলের নেতৃত্বে এই অধিকারগুলো ফিরিয়ে আনতে হবে। আমরা চাই একটি সমঝোতার মাধ্যমে আগামী নির্বাচন অনুষ্ঠিত হোক।"
আমরা প্রতিশোধ নিতে চাই না: রিজভী
অন্যদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, সরকার যদি নৈরাজ্য সৃষ্টি করে, তবে জনগণও পাল্টা নৈরাজ্য সৃষ্টি করবে। তবে আমরা প্রতিশোধ নিতে চাই না।
আজ (শুক্রবার) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কমসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার মুক্তির দাবিতে সংগঠনটি এ মানববন্ধন আয়োজন করে।
বিদ্যুতের দাম বৃদ্ধির সমালোচনা করে রিজভী বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম হওয়ার পরও আবারও বিদ্যুতের দাম বাড়ানো হলো। পাওয়ার প্ল্যান্টগুলো আপনার আত্মীয়ের বলে শোনা যায়। কাজেই বিদ্যুতের দাম বাড়িয়ে আপনার আত্মীয় স্বজনদের পকেট ভর্তি করছেন।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২৪