রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক পদক্ষেপ জরুরি: ঢাকায় পোপ ফ্রান্সিস
https://parstoday.ir/bn/news/bangladesh-i49161-রোহিঙ্গা_সংকট_মোকাবেলায়_আন্তর্জাতিক_পদক্ষেপ_জরুরি_ঢাকায়_পোপ_ফ্রান্সিস
ঢাকা সফররত ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় বঙ্গভবনে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ শেষে মন্ত্রিপরিষদের সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কূটনীতিকদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ৩০, ২০১৭ ২০:১১ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে পোপ ফ্রান্সিস
    প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে পোপ ফ্রান্সিস

ঢাকা সফররত ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় বঙ্গভবনে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ শেষে মন্ত্রিপরিষদের সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কূটনীতিকদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান।

বক্তব্যে মিয়ানমারে দেয়া ভাষণের মতো যথারীতি ‘রোহিঙ্গা’ শব্দটি এড়িয়ে গেছেন পোপ। তবে মিয়ানমারের রাখাইনে নিপীড়নের শিকার রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেছেন তিনি।

স্পেনিশ ভাষায় দেয়া বক্তব্য পোপ ফ্রান্সিস বলেন, ‘গত কয়েক মাসে রাখাইন থেকে আসা বিপুল সংখ্যক শরণার্থীকে আশ্রয় দিয়ে ও তাদের মৌলিক প্রয়োজন মেটানোর মধ্যে দিয়ে বাংলাদেশ উদার মানসিকতা ও অসাধারণ সংহতির পরিচয় দিয়েছে। এটা ছোট কোনো বিষয় নয়, বরং পুরো বিশ্বের সামনেই এটি ঘটেছে। পুরো পরিস্থিতি, মানুষের অবর্ণনীয় কষ্ট ও শরণার্থী শিবিরগুলোতে থাকা আমাদের ভাই-বোন, যাদের বেশিরভাগই নারী ও শিশু; তাদের ঝুঁকির গুরুত্ব বুঝতে আমরা কেউই ব্যর্থ হইনি।’

তিনি বলেন, ‘এই গুরুতর সংকট মোকাবেলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে নিরপেক্ষ অবস্থান নিয়ে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেয়া অত্যন্ত জরুরি।’

এর আগে বঙ্গভবনে একান্তে বৈঠকে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরতে মিয়ানমারকে অব্যাহত চাপে রাখতে ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সহযোগিতা চেয়েছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। বৈঠক শেষে প্রেসিডেন্টের প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, রোহিঙ্গা ইস্যু নিয়ে যাতে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা মিয়ানমারকে অব্যাহত চাপ প্রয়োগ করতে পারে সে জন্য রাষ্ট্রপতি পোপের ভূমিকা প্রত্যাশা করেন।

রোহিঙ্গা ইস্যুতে পোপের অবস্থানের জন্য ধন্যবাদ জানিয়ে প্রেসিডেন্ট বলেন, তার (পোপ) এই অবস্থান মিয়ানমার থেকে জোরপূর্ব বাস্তুচ্যুত নাগরিকদের নিজ দেশে সম্মানজনক প্রত্যাবাসনে ইতিবাচক অবদান রাখবে।

জীবন ও সম্ভ্রম বাঁচাতে বাংলাদেশে আসছে রোহিঙ্গারা

উল্লেখ্য, মিয়ানমারে সফর শেষে বাংলাদেশে তিনদিনের সফরে আজ বিকেলে ঢাকায় আসেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান পোপ ফ্রান্সিস। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ।

বিমানবন্দরে পোপ ফ্রান্সিসকে গার্ড অব অনার দেয়া হয়। পরে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সাভারের স্মৃতিসৌধে যান; সেখান থেকে যান রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৩০