নিম্ন আদালত সরকারের নিয়ন্ত্রণে: মওদুদের অভিযোগ
-
ব্যারিস্টার মওদুদ আহমদ
বাংলাদেশের নিম্ন আদালত সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে- এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। আর এ কারণেই বিচারকরা নিজেদের মতো আদেশ দিতে পারছেন না বলে মনে করেন তিনি।
আজ (শুক্রবার) সকালে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর মওদুদ এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং প্রতি সপ্তাহে আদালতে হাজিরা দেয়ার সমালোচনা করে তিনি বলেন, "আমার ৫০ বছরের অভিজ্ঞতায় কোনদিনও শুনি নি যে, সাপ্তাহিক জামিন নিতে হয়। সাপ্তাহিক জামিন হলো বিরোধীদলের নেত্রীর জন্য আরো বেশি নির্যাতন, আরো বেশি অপমানজনক। আর এটা সম্ভব হয়েছে, কারণ দেশের নিম্ন আদালত সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে বলে। সেই কারণে বিচারক এই ধরনের আদেশ দিয়েছেন।"
ব্যারিস্টার মওদুদ আরো বলেন, "অর্ধদিবস হরতালের কারণে খালেদা জিয়া আদালতে যেতে পারেননি। আদালতে বলা হয়েছে, তিনি আসবেন ২টার পরে। কিন্তু তা সত্ত্বেও আদালত তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিলেন। এ ধরনের আচরণ আমরা বিচার বিভাগ থেকে প্রত্যাশা করি নি। প্রকৃত সত্য হলো, যেহেতু বিচারকদের স্বাধীনতা নেই, ফলে তারা নিজেদের মতো আদেশ দিতে পারছেন না। তারা এই ধরনের আদেশ দিতে বাধ্য হচ্ছেন।"
সরকারের সমালোচনা করে তিনি বলেন, "আমরা মুক্তিযুদ্ধের চেতনা বলতে বোঝাই, দেশে স্বাধীন গণতন্ত্র থাকবে, আইনের শাসন, প্রচার মাধ্যমের স্বাধীনতা থাকবে, বিচার বিভাগের স্বাধীনতা থাকবে, দেশে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ থাকবে। কিন্তু সরকার তা একেবারে ধূলিসাৎ করে দিয়েছে। দেশে কোনো গণতন্ত্র নাই, আইনের শাসন নাই, বিচার বিভাগের স্বাধীনতা নাই।"
এ সময়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে, তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এ বিএনপি নেতা।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১