'রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত এগিয়ে আসতে হবে'
https://parstoday.ir/bn/news/bangladesh-i49627-'রোহিঙ্গা_সমস্যার_সমাধানে_আন্তর্জাতিক_সম্প্রদায়কে_দ্রুত_এগিয়ে_আসতে_হবে'
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে এ সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ডিসেম্বর ১০, ২০১৭ ১২:৫৭ Asia/Dhaka
  • জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী
    জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে এ সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

আজ (রোববার) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক কনফারেন্স উদ্বোধনকালে তিনি একথা বলেন।

‘প্রমোটিং ইকুয়ালিটি, জাস্টিস অ্যান্ড হিউম্যান ডিগনিটি’শীর্ষক এ কনফারেন্স সোমবার শেষ হবে। কনফারেন্স ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ফিলিপাইনের মানবাধিকার সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নিয়েছেন।

স্পিকার বলেন, বাংলাদেশ সরকার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মানবাধিকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন করতে হলে সমতা ও দারিদ্র্য বিমোচন খুবই গুরুত্বপূর্ণ। নজর দিতে হবে তরুণ প্রজন্মের দিকেও। এ ছাড়া কর্মসংস্থান, দক্ষতা, জেন্ডার, নারীকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে রাখা-এ বিষয়গুলোতে গুরুত্ব দিতে হবে। তার জন্য সমতা ও ইতিবাচক পদক্ষেপ নিতে হবে বলে উল্লেখ করেন তিনি।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক

নিরাপত্তা হেফাজতে নির্যাতন ও গুমের ঘটনা ঘটছে: রিয়াজুল

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। তিনি বলেন, দেশে নির্যাতন ও গুমের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সরকারকে এ ব্যাপারে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

কাজী রিয়াজুল হক আরও বলেন, বাংলাদেশে মানবাধিকারের ক্ষেত্রে বিভিন্ন অগ্রগতি আছে। তবে নারী ও শিশু নির্যাতন, নিরাপত্তা হেফাজতে নির্যাতন ও গুমের মতো ঘটনা ঘটছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সরকার গণতন্ত্র ও মানবাধিকারকে গুম করে ফেলছে: ফখরুল

এদিকে, রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য গণতন্ত্র ও মানবাধিকারকে গুম করে ফেলছে। সরকারের সঙ্গে ভিন্নমত পোষণ করলেই হত্যা, না হলে গুম হতে হচ্ছে। পাঁচ বছর ধরে নিখোঁজ সন্তানের মায়েরা আহাজারি করছেন। এ পাঁচ বছরে অসংখ্য পরিবারকে আশাহত করেছে এই অবৈধ সরকার।

মানববন্ধনে বিএনপি ও এর সহযোগী সংগঠনের গুম ও খুন হওয়া নেতা-কর্মীদের আত্মীয়স্বজনেরা উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১০