বাংলাদেশে গণতন্ত্র ‘পুরোপুরিভাবে নির্বাসিত’: মির্জা ফখরুল
-
জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে মির্জা ফখরুল ইসলাম
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরে দাঁড়িয়ে যদি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়, তাহলে জনগণই প্রমাণ করবে তারা কাকে চায়। জনগণ যে রায় দেবে, তা বিএনপি মাথা পেতে নেবে।
বিজয় দিবস উপলক্ষে আজ (শনিবার) দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বেলা দুইটার দিকে শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বাংলাদেশে গণতন্ত্র ‘পুরোপুরিভাবে নির্বাসিত’– এমনটি দাবি করে মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশের মানুষের অধিকার হরণ করা হয়েছে। জনগণ স্বাধীনভাবে কথা বলতে পারে না, সাংবাদিকেরা সাহস করে লিখতে পারেন না। মানুষের যে ব্যক্তিগত নিরাপত্তা, সেটাও আজ চলে গেছে। সরকার শাসন করছে সম্পূর্ণ বেআইনিভাবে এবং অনৈতিকভাবে। এ সরকার একদলীয় শাসনব্যবস্থা প্রবর্তন করার জন্য সবকিছুই প্রায় পাকাপোক্ত করেছে।
তিনি আরও বলেন, ‘এই সরকার ২০০৮ সালে ক্ষমতায় আসার পরেই একদলীয় শাসনব্যবস্থা পাকাপোক্তের কাজ শুরু করেছিল, আজ সেটা তারা পাকাপোক্ত করে ফেলেছে। আমরা গণতান্ত্রিক লড়াই করছি, গণতান্ত্রিক একটি শক্তির পক্ষে যা করা দরকার, তার চেয়ে আমরা বেশি করছি।’
জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় দলের নেতাদের আরো উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাজাহান ওমর, ডা. জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৬