মফস্বলে থাকতে না চাইলে চাকরি ছেড়ে দিন: চিকিৎসকদের প্রতি শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i50521-মফস্বলে_থাকতে_না_চাইলে_চাকরি_ছেড়ে_দিন_চিকিৎসকদের_প্রতি_শেখ_হাসিনা
মফস্বলের সরকারি হাসপাতালে নিয়োগ পাওয়া চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়ে সতর্ক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
ডিসেম্বর ২৮, ২০১৭ ১৪:৫৪ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মফস্বলের সরকারি হাসপাতালে নিয়োগ পাওয়া চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়ে সতর্ক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, সেখানে না থেকে যদি তারা শুধু ঢাকায় আসতে চায়; তবে সরকারি চাকরি করার কোনো প্রয়োজন নেই। চাকরি ছেড়ে দিয়ে ঢাকায় এসে ব্যক্তিগতভাবে রোগী দেখলে তার চেয়ে বেশি পয়সা পাওয়া যাবে। সেখানে সরকার নতুন চিকিৎসক নিয়োগ দেবে।

আজ (বৃহস্পতিবার) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কয়েকটি জেলা সদর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জাপান থেকে আধুনিক সুবিধা সম্পন্ন ৫০০টি অ্যাম্বুলেন্স আনা হচ্ছে। এরমধ্যে প্রাথমিকভাবে সাতটি অ্যাম্বুলেন্সের প্রতীকী চাবি হস্তান্তর করা হয়।

সব বিভাগীয় শহরে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে মেডিকেল কলেজের শিক্ষার মান কঠোর তদারকির নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, মেডিকেল কলেজগুলো আমরা করে দিচ্ছি কিন্তু তার মানটা বজায় রাখতে হবে। যে কী চিকিৎসা হচ্ছে। রোগী মারা ডাক্তার হচ্ছে না, রোগী বাঁচানোর ডাক্তার হচ্ছে, এটা একটু ভালো করে দেখতে হবে। এ সময়, বিদেশ থেকে বিশেষজ্ঞ এনে চিকিৎসক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণের ব্যবস্থা নেয়ার কথ বলেন তিনি।

স্বাস্থ্যসেবায় সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। সরকারের কমিউনিটি ক্লিনিক স্থাপনের কথা উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্যসেবা জনগণের দোঁড়গোড়ায় পৌছে দেয়াই বর্তমান সরকারের লক্ষ্য। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিক স্থাপন শুরু করেছিল আওয়ামী লীগ সরকার। কিন্তু বিএনপি-জামায়াত সরকারের আমলে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৮