বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর চেয়ে এগিয়ে রয়েছে: শেখ হাসিনা
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর চেয়ে এগিয়ে রয়েছে। বিশ্ব ব্যাংকের সামাজিক উন্নয়ন সূচকে বাংলাদেশের তাদের কাছে বিস্ময়। ২০৫০ সালে পশ্চিমা দেশগুলোকেও ছাড়িয়ে যাবে বাংলাদেশ।”
আজ (সোমবার) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে মাসব্যাপী ‘২৩তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি পণ্যের নতুন নতুন বাজার খোঁজার ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সামনে আরও এগিয়ে যেতে হবে। আমাদের পণ্যের প্রসার করতে হবে। নতুন নতুন পণ্য উৎপাদনের পাশাপাশি রফতানিও বাড়াতে হবে। পাশাপাশি কোন কোন দেশে বাজার আছে তাও খুঁজে বের করতে হবে। তবেই এগিয়ে যাবে আমাদের ব্যবসা-বাণিজ্য।”
প্রধানমন্ত্রী বলেন, “আমরা দেশকে বাণিজ্যিকভাবে উন্নয়ন করতে কাজ করছি। পাশাপাশি নতুন পণ্য উৎপাদন ও এসব পণ্যের গুণগত মান যাতে বজায় থাকে সে দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।”
তিনি বলেন, “ক্ষুদ্র ও মাঝারি শিল্প যাতে গড়ে ওঠে এবং প্রসার লাভ করে সেজন্য প্রণোদনা দেওয়া হয়েছে। বিনিয়োগ বাড়াতে নীতিমালা প্রণয়ন করে তা বাস্তবায়ন করা হচ্ছে। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ করা হয়েছে। যাতে সব ধরনের সুযোগ-সুবিধা দেশি-বিদেশি বিনিয়োগকারীরা পান।”
শেখ হাসিনা বলেন, “আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর চেয়ে এগিয়ে রয়েছে। বিশ্ব ব্যাংকের সামাজিক উন্নয়ন সূচকে বাংলাদেশের তাদের কাছে বিস্ময়। ২০৫০ সালে পশ্চিমা দেশগুলোকেও ছাড়িয়ে যাবে বাংলাদেশ।”
তিনি দাবি করেন, ‘বাংলাদেশ সক্ষমতা অর্জন করেছে। এখন কারো কাছে হাত পেতে চলে না। এখন উন্নয়ন প্রকল্পের ৯০ শতাংশ নিজস্ব অর্থায়নে ব্যয় করা হচ্ছে। আমাদের লক্ষ্য জাতির পিতার সমৃদ্ধ সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করা।’
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ স্বাধীন দেশ। আমরা কারো কাছে হাত পেতে চলবো না। দেশ গড়তে এসেছি, নিজের ভাগ্য গড়তে নয়। প্রধানমন্ত্রিত্ব অল্প সময়ের, এই সময়ে বাংলাদেশের মানুষের ভাগ্য কতটুকু গড়তে পারি সেটাই লক্ষ্য। বিশ্ব দরবারে বাংলাদেশের নাগরিকরা যাতে মাথা উঁচু করে চলতে পারে সেটাই আমাদের লক্ষ্য।’
ব্যবসায়ীদের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি বলেন, নিজেদের সচ্ছলতার কথা ভাবলেই শুধু হবে না। পাশাপাশি মানুষ যাতে আপনাদের পণ্য কিনতে পারে, সেটার কথাও ভাবতে হবে। গ্রামের মানুষের আর্থিক সচ্ছলতা যদি ভালো হয়, তাহলে তারা আপনাদের উৎপাদিত পণ্য ক্রয় করতে পারবে। এ জন্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশ নানাভাবে যোগাযোগ ব্যবস্থা জোরদার করছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে আজ থেকে শুরু হওয়া এ মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ এর আয়োজন করেছে।
এবারের মেলায় ১৪ ক্যাটাগরিতে দেশ-বিদেশের ৫২০টি স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ পেয়েছে। এর মধ্যে থাকছে ৬৪টি প্রিমিয়াম প্যাভিলিয়ন, ৩৬টি মিনি প্রিমিয়াম প্যাভিলিয়ন, ১৭টি জেনারেল প্যাভিলিয়ন, ২৫টি মিনি জেনারেল প্যাভিলিয়ন, চারটি রিজার্ভ প্যাভিলিয়ন, ছয়টি মিনি রিজার্ভ প্যাভিলিয়ন, ২৭টি বিদেশি প্যাভিলিয়ন ও আটটি মিনি বিদেশি প্যাভিলিয়ন। এ ছাড়া ৬৭টি প্রিমিয়ার স্টল, ১৮টি বিদেশি স্টল, ২৬০টি সাধারণ স্টল ও ২৪টি ফুড স্টল।
এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, চীন, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, জার্মানি, নেপাল, হংকং, জাপান, আরব আমিরাত, মরিশাস, ঘানা, মরক্কো ও ভুটান অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দেশের প্রতিষ্ঠানগুলো নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করবে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১