রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে সার্বিক সহযোগিতার আশ্বাস জাতিসংঘের
https://parstoday.ir/bn/news/bangladesh-i51713-রোহিঙ্গাদের_নিরাপদ_প্রত্যাবাসনে_সার্বিক_সহযোগিতার_আশ্বাস_জাতিসংঘের
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াং হি লি।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ২১, ২০১৮ ১৪:৪০ Asia/Dhaka
  • জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াং হি লি
    জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াং হি লি

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াং হি লি।

আজ (রোববার) সকালে কক্সবাজারে সফররত জাতিসংঘের বিশেষ দূত ইয়াং হি লি উখিয়ার বালুখালীসহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় নির্যাতনের শিকার রোহিঙ্গাদের এই আশ্বাস দেন। তবে ইয়াং হি লি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গারা জানিয়েছেন, ‘ক্যাম্প পরিদর্শনের সময় ইয়াং হি লি জানতে চান, আমরা মিয়ানমারে ফেরত যাবো কিনা। উত্তরে আমরা বিভিন্ন শর্তের কথা জানিয়েছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে সার্বিক সহযোগিতা করবেন।’

জাতিসংঘের বিশেষ দূত ইয়াং হি লি

একজন রোহিঙ্গা জানিয়েছেন, ‘এক সঙ্গে আমরা ৩০ জন রোহিঙ্গা ইয়াং হি লি’র সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি। আমরা সবাই প্রত্যাবাসনের ব্যাপারে রোহিঙ্গাদের সুযোগ-সুবিধার কথা তুলে ধরেছি। তিনি আমাদের ধৈর্য্য ধরতে বলেছেন।’

এ প্রসঙ্গে রোহিঙ্গা এডুকেশন ডেভলপমেন্ট প্রোগ্রামের সাধারণ সম্পাদক জনাব জমিরউদ্দিন প্রশ্ন করেন, রোহিঙ্গা বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত মিস উয়াং হি লি নিজেই যেখানে মিয়ানমার যাবার অনুমতি পান নি তিনি কীভাবে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের আশ্বাস দেন? রোহিঙ্গারা তার এ কথায় আশ্বস্ত হতে পারছে না।

কয়েকটি রোহিঙ্গা শিশু

এর আগে শনিবার টেকনাফের নয়াপাড়া ও রইক্ষণ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন ইয়াং হি লি। তিনি টেকনাফ নেচার পার্কের অভ্যর্থনা কেন্দ্রে ১০ জন রোহিঙ্গা পুরুষ ও ১০ জন নারীর সঙ্গে কথা বলেন। সফরকালে তার সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও ক্যাম্পে নিয়োজিত আন্তর্জাতিক দাতা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতিসংঘের বিশেষ দূত ইয়াং হি লি বুধবার (১৭ জানুয়ারি) রাতে ঢাকায় পৌঁছান এবং শুক্রবার দুপুরে কক্সবাজার আসেন। চলতি মাসে তার মিয়ানমার সফরের কথা থাকলেও সে দেশের নিষেধাজ্ঞার কারণে তিনি সেখানে যেতে না পেরে  অবারো বাংলাদেশে আসেন। এবার সাত দিনের সফরে পাঁচ দিন বাংলাদেশে থাকার পর ২৪ জানুয়ারি থাইল্যান্ড সফরের কথা রয়েছে তার।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২১