বাংলাদেশে রাজনৈতিক সংকট নেই, বিএনপি আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল: আ. লীগ
https://parstoday.ir/bn/news/bangladesh-i52793-বাংলাদেশে_রাজনৈতিক_সংকট_নেই_বিএনপি_আত্মস্বীকৃত_দুর্নীতিবাজ_দল_আ._লীগ
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বাংলাদেশে কোনো রাজনৈতিক সংকট নেই, কোনোদিন হবেও না।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
ফেব্রুয়ারি ১০, ২০১৮ ১৬:৪২ Asia/Dhaka
  • বক্তব্য রাখছেন মোহাম্মদ নাসিম
    বক্তব্য রাখছেন মোহাম্মদ নাসিম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বাংলাদেশে কোনো রাজনৈতিক সংকট নেই, কোনোদিন হবেও না।

আজ (শনিবার) জাতীয় প্রেস ক্লাবে সুরঞ্জিত সেনগুপ্তের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম আরও বলেন,  আগামী নির্বাচন নিয়ে কোনো সংকট নেই। বাংলাদেশে সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

এসময় বিএনপি নেতাদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন,  আগামী জাতীয় সংসদ নির্বাচন থেকে কোনো দলকে বাদ দেয়ার ষড়যন্ত্র আওয়ামী লীগ করছে না। খালেদা জিয়া বা বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখার কথা যারা বলে তারা আইনের শাসনে বিশ্বাসী না, আদালতের প্রতি শ্রদ্ধাশীল না। তাই অযথা উত্তেজনা সৃষ্টি না করে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করুন।

বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের

'খালেদার রায় দুর্নীতিবাজ রাজনীতিকদের জন্য সর্তকবার্তা'

এদিকে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলার যে রায় আদালত দিয়েছে তা বাংলাদেশের দুর্নীতিবাজ রাজনীতিকদের জন্য সর্তকবার্তা।

শনিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা দ্বিতীয় সেতুর সুপার স্টাকচার কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি বলেন, 'আমি মির্জা ফখরুল সাহেবের জায়গায় থাকলে একই কথা বলতাম। কেউ কি মেনে নেয় আমি দুর্নীতিবাজ? তবে বিএনপি তাদের গঠনতন্ত্র থেকে সাত ধারা রায়ের আগে রাতের আঁধারে তুলে দিয়ে তারা প্রমাণ করেছে তারা আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল।'

ওবায়দুল কাদের বলেন, পলিটিক্যাল বক্তব্য ভালো ভালো কাজকে ঢেকে দিচ্ছে। এই তিনটি সেতু নির্মাণ দেশের ১৬ কোটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ। পলিটিক্যাল বক্তব্য দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা আমাদের মূখ্য কাজ নয়। দেশের উন্নয়নটা আমাদের কাছে মুখ্য। রাজনীতি আছে থাকবে। রাজনৈতিক দল আছে, দেশে নির্বাচন আছে, এসব জেল জুলুমও থাকে, রাজনীতি করলে জেল জুলম তো আছে এগুলো সহ্য করেই এখানে ক্ষমতায় এসেছি। আমাদের নেত্রীকেও জেল খাটতে হয়েছে। আমার নিজেরও চার বছর জেলজীবন। এগুলোই রাজনীতির অনুষঙ্গ। #

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১০