রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা অস্ট্রেলিয়ার
-
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল
রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে অস্ট্রেলিয়া। আজ (শনিবার) সিডনিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল এ প্রতিশ্রুতি দেন।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম বলেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে টার্নবুল রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার তাঁর দেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন। বৈঠকে তিনি রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেন।
শেখ হাসিনা রোহিঙ্গাদের বাংলাদেশে অস্থায়ী আশ্রয় দেয়া সম্পর্কে ঢাকার গৃহীত পদক্ষেপের বিষয়টি টার্নবুলকে অবহিত করেন এবং জোর করে বাস্তুচ্যুত এসব রোহিঙ্গার জন্য তাঁর সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা ব্যক্ত করেন।
ইহ্সানুল করিম বলেন, বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ ইস্যু নিয়ে আলোচনা করেন এবং এ ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করার যথোপযুক্ত উপায় খুঁজে বের করতে উভয়ে রাজি হন।
শেখ হাসিনা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টার্নবুলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি এ আমন্ত্রণ গ্রহণ করে বলেন, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সুবিধাজনক সময়ে তিনি ঢাকা সফর করবেন।
এর আগে গতকাল (শুক্রবার) সিডনিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ-এর সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সমস্যার সমাধানে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার পাশাপাশি মানবিক সাহায্য প্রদানের জন্য দেশটির প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।#
পার্সটুডে/এআর/২৮