মানহানির দুই মামলায় খালেদা জিয়ার জামিন বহাল রাখল আপিল বিভাগ
https://parstoday.ir/bn/news/bangladesh-i64695-মানহানির_দুই_মামলায়_খালেদা_জিয়ার_জামিন_বহাল_রাখল_আপিল_বিভাগ
বাংলাদেশের রাজধানী ঢাকা ও নড়াইলে মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০১, ২০১৮ ০৮:৩২ Asia/Dhaka
  •  বেগম খালেদা জিয়া
    বেগম খালেদা জিয়া

বাংলাদেশের রাজধানী ঢাকা ও নড়াইলে মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি শেষে আজ (সোমবার) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ এ আদেশ দেন। ফলে এসব মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল থাকছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

নড়াইলের মামলায় গত ১৩ আগস্ট এবং ঢাকার মামলায় গত ১৪ আগস্ট খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেয় হাইকোর্ট। পরে এ দুই মামলায় হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে ২০১৫ সালের ২১ ডিসেম্বর বিরুপ মন্তব্য করার অভিযোগে ওই বছরের ২৪ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইলে মানহানির মামলা করা হয়। স্থানীয় এক  মুক্তিযোদ্ধার সন্তান রায়হান ফারুকী ইমাম বাদী হয়ে মামলাটি করেন।

এ মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন গত ৫ আগস্ট খারিজ করে নড়াইলের আদালত। এরপর হাইকোর্টে জামিনের আবেদন করা হলে আদালত গত ১৩ আগস্ট খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেয়।

এদিকে, ২০১৬ সালের ৫ জানুয়ারি এবি সিদ্দিকীর করা মামলায় ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালত গত ৭ আগস্ট খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে। এরপর খালেদা জিয়ার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হলে গত ১৪ আগস্ট আদালত তাকে ৬ মাসের জামিন দেয়।#

পার্সটুডে/আশরাফূর রহমান/১