গ্রেনেড হামলা মামলার রায় প্রত্যাখ্যান বিএনপির, কর্মসূচি ঘোষণা
https://parstoday.ir/bn/news/bangladesh-i64926-গ্রেনেড_হামলা_মামলার_রায়_প্রত্যাখ্যান_বিএনপির_কর্মসূচি_ঘোষণা
২১ আগস্ট গ্রেনেড হামলার রায়কে 'ফরমায়েশি' ও 'প্রতিহিংসার' রায় উল্লেখ করে একে প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আজ (বুধবার) তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রায় প্রত্যাখ্যান করার কথা জানান।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ১০, ২০১৮ ১২:৩৬ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা
    সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা

২১ আগস্ট গ্রেনেড হামলার রায়কে 'ফরমায়েশি' ও 'প্রতিহিংসার' রায় উল্লেখ করে একে প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আজ (বুধবার) তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রায় প্রত্যাখ্যান করার কথা জানান।

এ রায়ের বিরুদ্ধে বিএনপির সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচি অনুযায়ী আগামীকাল ১১ অক্টোবর ঢাকাসহ সারা দেশে মহানগর জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বিএনপি। এছাড়া,  ১৩ অক্টোবর  সারা দেশে বিক্ষোভ মিছিল করবে ছাত্রদল, ১৪ অক্টোবর  সারা দেশে বিক্ষোভ মিছিলকরবে যুবদল, এবং ১৫ অক্টোবর সারা দেশে বিক্ষোভ করবে সেচ্ছাসেবক দল।

এরপর, ১৬ অক্টোবর বিএনপি ঢাকাসহ সারা দেশে কালো পতাকা মিছিল করবে। এ ছাড়া ১৭ অক্টোবর মহিলা দল ঢাকাসহ সারা দেশে মানববন্ধন ও ১৮ অক্টোবর শ্রমিক দল ঢাকাসহ সারা দেশে মানববন্ধন করবে।

তারেক রহমান

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার পরপরই এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্ষমতাসীনদের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এ রায় দেয়া হয়েছে। তিনি বলেন, বিএনপি মনে করে এ রায় রাজনৈতিক প্রতিহিংসার রায়। আমরা এ রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। এটি ক্ষমতাসীনদের রাজনৈতিক প্রতিহিংসার নোংরা প্রকাশ।

ফখরুল ইসলাম বলেন, জাতির জন্য দুর্ভাগ্য এ রায়ের মাধ্যমে সরকার আরও একটি নোংরা প্রতিহিংসার দৃষ্টান্ত স্থাপন করল। যেভাবে 'মিথ্যা' মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছিল, সেভাবে আরেকটি 'মিথ্যা' মামলায় বিএনপির নেতাদের সাজা দেওয়া হলো।

বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে তারেক রহমানকে যাবজ্জীবন সাজার মাধ্যমে প্রমাণ হলো এ দেশে সাধারণ কোনো মানুষের ন্যায় বিচার পাওয়ার নিশ্চয়তা নেই।

২১ আগস্ট গ্রেনেড হামলায় হতাহতদের কয়েকজন

তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী যখন সাব জেলে ছিলেন, তখন মামলার সাক্ষী তারেক রহমান বা বিএনপির কারও নাম উল্লেখ করা হয়নি। তখন তিনি এ ঘটনার জন্য সেনাবাহিনীকে দোষারোপ করেছেন। অথচ ক্ষমতায় এসে রাজনৈতিক উদ্দেশ্যে অবসরে যাওয়া পুলিশ কমকর্তা আবদুল কাহার আকন্দকে নিয়োগ দিয়ে তারেক রহমানসহ বিএনপি নেতাদের নাম অন্তর্ভুক্ত করা হয়, যা সরকারের রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ।

মির্জা ফখরুল বলেন, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কথা বলতে হয়, যে দেশে প্রধান বিচারপতি ন্যায় বিচার পান না, সে দেশে নাগরিকদের ন্যায় বিচার পাওয়ার আশা করা যায় না। তিনি বলেন, আমরা দেশের জনগণকে আহ্বান জানাব, রাজপথে এসে এ অনির্বাচিত সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে।

কোনো কর্মসূচি দেবেন কিনা জানতে চাইলে ফখরুল ইসলাম বলেন, আমাদের রাজনৈতিক কমসূচি থাকবে, পাশাপাশি আইনি কর্মসূচিও থাকবে। তবে সেটি পরে জানতে পারবেন।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে আজ রাজধানীর নাজিমুদ্দিন রোডে পুরোনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। ৪৯ আসামির মধ্যে বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১০

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন