'সেই তারেক জিয়ার অধীনেই ড. কামাল হোসেন গং ঐক্য করেছেন'
https://parstoday.ir/bn/news/bangladesh-i65032-'সেই_তারেক_জিয়ার_অধীনেই_ড._কামাল_হোসেন_গং_ঐক্য_করেছেন'
বিএনপিসহ কয়েকটি দল ও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন 'জাতীয় ঐক্যফ্রন্ট' নামে নতুন যে জোট গঠন করেছেন তার তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ১৪, ২০১৮ ১৫:০১ Asia/Dhaka
  • মাদারীপুরের জনসভায় শেখ হাসিনা
    মাদারীপুরের জনসভায় শেখ হাসিনা

বিএনপিসহ কয়েকটি দল ও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন 'জাতীয় ঐক্যফ্রন্ট' নামে নতুন যে জোট গঠন করেছেন তার তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (রোববার) মাদারীপুর শিবপুর উপজেলার কাঁঠালবাড়ীতে আয়োজিত জনসভায়  প্রধানমন্ত্রী বলেন, যারা মানুষ পুড়িয়ে মারে, অগ্নিসন্ত্রাস করে, যারা এতিমের টাকা মেরে খায় আজ তাদের সঙ্গে ঐক্য করেছেন সেই কামাল হোসেন গং। তিনি নেতা মেনেছেন এমন একজনকে যিনি পলাতক, মানি লন্ডারিংয়ে সাজাপ্রাপ্ত। বিএনপির সেই পলাতক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার অধীনেই ড. কামাল হোসেন গং ঐক্য করেছেন, আরও কিছু খুচরা আধুলি…। মুখে নীতি কথা বলেন, অথচ নীতিবানরাই খুনি ও দুর্নীতিবাজদের সঙ্গে ঐক্য করেছে।

শেখ হাসিনা বলেন, ‘আমি কামাল হোসেন সাহেবকে বাহবা জানাই। যে তিনি আজকে ঐক্য করেছেন কার সাথে? তিনি বড় বড় কথা বলেন। দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন। সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেন। জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেন। আর যে বিএনপি-জামায়াত জঙ্গিবাদ সন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ত আজকে তাদের সাথে তিনি ঐক্য করেছেন।’

বিএনপিতে তারেক রহমানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে শেখ হাসিনা বলেন, 'খালেদা জিয়া জেলে যাওয়ার পর  বিএনপিতে কি একটা লোকও ছিল না? যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে পারে? ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সাজাপ্রাপ্ত এবং যে পলাতক হিসেবে রয়ে গেছে বিদেশে। তাকেই বানিয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আর সেই চেয়ারম্যানের অধীনে ড. কামাল হোসেন গং আজকে তার ঐক্য করেছেন।’  

জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের সমালোচনা করে তিনি বলেন, 'সরকার মানুষের উন্নয়নে নানা প্রকল্প হাতে নিয়েছে। জিনিসপত্রের দাম সবার ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। কিন্তু তাদের চোখে এসব পড়ে না। তারা আসলে কী চান? তাদের উন্নয়ন সন্ত্রাসের উন্নয়ন, তাদের উন্নয়ন মানি লন্ডারিংয়ের উন্নয়ন। মানুষ কাজ পাবে কিংবা উন্নত জীবন-যাপন করবে এটা তারা চান না। তাই উন্নয়নও তাদের চোখে পড়ে না।’ 

শেখ হাসিনা বলেন, 'ড. কামাল হোসেনকে সাবাস জানাই, তিনি আওয়ামী লীগের নৌকা ছেড়ে ধানের শীষের মুঠো ধরেছেন। কিন্তু ধানে শীষ নেই চিটা ধরেছেন। তবে এক্ষেত্রে ঠিকই আছে- কামাল হোসেনও কালো টাকা সাদা করেছেন, তারেক জিয়াও করেছে। রতনে রতন চেনে, শেয়ালে চেনে কচু্।’ 

সংসদ ভেঙে নিরপেক্ষ সরকারের অধীনে একাদশ সংসদ নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যে গণফোরাম সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে শনিবার জাতীয় ঐক্যফ্রন্টের যাত্রা শুরু হয়েছে। সরকারবিরোধী নতুন এই রাজনৈতিক জোটে বিএনপি, জাতীয় ঐক্য প্রক্রিয়া, জেএসডি ও নাগরিক ঐক্যসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি যোগ দিয়েছেন। জোটের পক্ষ থেকে সাত দফা দাবি ও ১১ দফা লক্ষ্যও তুলে ধরা হয়েছে। #

পার্সটুডে/আশরাফুর রহমান/১৪

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন