আবারও ক্ষমতায় এলে বিমানবাহিনী আরও আধুনিক হবে: প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i65305-আবারও_ক্ষমতায়_এলে_বিমানবাহিনী_আরও_আধুনিক_হবে_প্রধানমন্ত্রী
বাংলাদেশ আওয়ামী লীগ আগামীতে আবারও ক্ষমতায় এলে বিমানবাহিনীকে আরও আধুনিক করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ(বৃহস্পতিবার) দুপুরে যশোরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে বঙ্গবন্ধু কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
অক্টোবর ২৫, ২০১৮ ১২:৪৩ Asia/Dhaka
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)
    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

বাংলাদেশ আওয়ামী লীগ আগামীতে আবারও ক্ষমতায় এলে বিমানবাহিনীকে আরও আধুনিক করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ(বৃহস্পতিবার) দুপুরে যশোরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে বঙ্গবন্ধু কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে যদি আবার ক্ষমতায় আসতে পারি, তাহলে বিমানবাহিনীর জন্য আরও পরিকল্পনা আছে, সেগুলো করব।

তিনি বলেন, আমরা কারও সঙ্গে যুদ্ধ চাই না। তবে আঘাত এলে দেশকে শত্রুমুক্ত করতে এবং সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের প্রস্তুতি আমাদের থাকতে হবে।

প্রধানমন্ত্রী বিমানবাহিনীর সদস্যদের উদ্দেশে বলেন, আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাবোধ একটি জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে। সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেবেন।

শেখ হাসিনা বলেন, সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় বিমানবাহিনী এগিয়ে যাচ্ছে। আধুনিক যুদ্ধবিমান কেনা হয়েছে, যেটি চতুর্থ প্রজন্মের। দক্ষ পাইলট তৈরি করতে প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে।

আমাদের বিমানবাহিনী জঙ্গি দমনেও বিশেষ দক্ষ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, হলি আর্টিজানের ঘটনার সময় সিলেট থেকে বিশেষ বাহিনী উড়িয়ে এনে তারা সহযোগিতা করেছে। পার্বত্য দুর্গম এলাকা থেকে শুরু করে সব দুর্যোগে বিমানবাহিনী এগিয়ে আসে। নেপালে প্লেন দুর্ঘটনার সময়ও বিমানবাহিনী সেখান থেকে তাদের দক্ষতার পরিচয় দিয়েছে।

বঙ্গবন্ধু কমপ্লেক্সের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ব্রোঞ্জের ভাস্কর্য উন্মোচন করেন শেখ হাসিনা। ১২টি ভবন ও অবকাঠামোর সমন্বয়ে নির্মিত বঙ্গবন্ধু কমপ্লেক্সে একসঙ্গে ৬০০ ক্যাডেটের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৫