রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়তার আশ্বাস চীনের; আশাবাদী নন বিশ্লেষকরা
মিয়ানমারের সরকারি বাহিনীর নির্যাতনে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে সহায়তা দেবে চীন। দেশটির জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ঝাও কেঝি’র সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে, চীনের এ মন্ত্রীর কথায় আশাবাদী হতে পারছেন না বিশ্লেষকরা। কী হয় তা সময়ই বলে দেবে বলেই মনে করছেন তারা।
আজ (শুক্রবার) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ও চীনের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়। চীনের ২৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ও পার্টি কমিটির সম্পাদক ঝাও কেঝি। আর বাংলাদেশের ২৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেন, গেলো বছরের ২৫ আগস্টের পর প্রায় দশ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। তাদের আশ্রয় দেয়ায় সরকারের প্রশংসা করেছেন চীনের জননিরাপত্তা মন্ত্রী। সেইসঙ্গে বাংলাদেশের অসুবিধার কথাও অনুধাবন করছেন তিনি। তাই রোহিঙ্গা সংকট সমাধানে চীন বাংলাদেশের পাশে থাকবে এবং দ্রুত তাদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে ভূমিকা রাখবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তবে চীনের জননিরাপত্তা মন্ত্রীর কথায় আশ্বস্ত হতে পারছেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, ড. সি আর আবরার। তিনি বলেন, এ ধরনের কথা গুরুত্বপূর্ণ। তবে চীনের অতীতের ভূমিকার কারণে তার ওপর আস্থা রাখা কঠিন। আর বিষয়টি যেহেতু মিয়ানমার সংশ্লিষ্ট; সেহেতু চীনের মন্ত্রীর কথা কতটা গুরুত্বের সঙ্গে নেয়া যায়, তা বিবেচনার বিষয়।
বাংলাদেশ চীন স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠক শেষে, তিনটি বিষয়ে সহযোগিতা সংক্রান্ত চুক্তি সই হয়। সহযোগিতার ক্ষেত্রগুলো হলো, আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের প্রশিক্ষণ, যৌথ ওয়ার্কিং কমিটি গঠন ও বিভিন্ন ধরনের সরঞ্জাম ক্রয়। বৈঠকে বাংলাদেশি নাগরিকদের জন্য অনঅ্যারাভাল ভিসা দিতে চীনের সম্মতির কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে চীনের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রীকে নিজ মন্ত্রণালয়ে ফুল দিয়ে স্বাগত জানান বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময়, তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি দলের সালাম গ্রহণ করেন চীনা মন্ত্রী। তিনদিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় আসেন চীনের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী। চলতি মাসে ভারত ও মিয়ানমার সফর করেন তিনি।#
পার্সটুডে/শামস মণ্ডল/রেজওয়ান হোসেন/২৬
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন