এটা ফরমায়েশী রায়-বললেন ফখরুল; রায়ের বিরুদ্ধে বিক্ষোভ করবে বিএনপি
-
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিচারিক আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলে এবং আদালত যদি তা গ্রহণ করেন তবে তিনি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
আজ (সোমবার) নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম এ কথা জানান।নতুন করে আরেকটি মামলায় ৭ বছরের কারাদন্ড হবার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা?'-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার।
নির্বাচন কমিশনার আরও বলেন, দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত আসামিরা সাজা কাটানোর একটা নির্দিষ্ট সময় পর নির্বাচন করতে পারেন। তবে এক্ষেত্রে উচ্চ আদালতকে তার আপিল গ্রহণ করে বিচারিক আদালতের রায় স্থগিত করতে হবে। এদিকে, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় প্রত্যাখান করে একদিনের প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘আমরা মনে করছি যে, এই রায় কোনোমতেই ন্যায়বিচার নয়। বেগম জিয়া ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। এটা সম্পূর্ণভাবে একটা ফরমায়েশী রায়। সরকার যা বলছে, যা চেয়েছে এবং সরকারের মন্ত্রীরা যা বলছেন, সেগুলোর প্রতিফলন এই রায়ের মধ্য। তাই আমরা এই রায় প্রত্যাখান করছি। একই সঙ্গে আমরা মনে করছি, জনগণ যা চাচ্ছে, তার বাইয়ে আরেকটি নির্বাচন করতে চাচ্ছে সরকার।’
মির্জা ফখরুল বলেন, রায়ের প্রতিবাদে মঙ্গলবার সারাদেশে জেলা সদর ও মহানগরগুলোতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্ট ও দেশের সকল মানুষকে অংশগ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় রায়ের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে, বেগম জিয়াকে রাজনীতি ও আসন্ন নির্বাচন থেকে দূরে সরিয়ে দেয়ার জন্য একটি সাজানো মামলায় সম্পূর্ণ বেআইনীভাবে এবং কোনো সাক্ষ্য-প্রমাণ ছাড়াই তাকে সাজা দেয়া হয়েছে।’ অসুস্থ থাকা অবস্থায় কোনো মামলায় বিচারের রায় দেয়া আইনবিরোধী বলেও মন্তব্য করে তিনি।
পরে রায়ের প্রতিবাদে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর-বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। উল্লেখ্য, ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার একটি বিশেষ আদালত আজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নিতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার আনুপস্থিতিতে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করে রায় দিয়েছে ।
একই সাথে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে কেনা ৪২ কাঠা জমি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজলসহ আরো কয়েকজন প্রসিকিউটর।
আজকের রায় প্রসঙ্গে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মো: সানাউল্লাহ্ মিয়া বলেন, বলেন, "এটা (জিয়া চ্যারিটেবল ট্রাস্ট) একটি প্রাইভেট ট্রাস্ট। এখানে সরকারের কোনো টাকা নেই, এটা নিয়ে মামলাই হয় না। তবুও আজকে জোর করে সাজা দেয়া হয়েছে। সরকারের হস্তক্ষেপের কারণে এই সাজা।" ওদিকে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ সোমবার দুপুরে মগবাজার চৌরাস্তা থেকে রেলগেট এলাকায় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রদল।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/২৯
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন