নির্বাচন আর সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না: ইসি মাহবুব
-
বক্তব্য রাখছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার
বাংলাদেশের নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার বলেছেন, ‘নির্বাচন আর সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। সহিংসতামুক্ত শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে। ভোটার যেন নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে, তা নিশ্চিত করতে হবে।’
আজ (রোববার) সকালে সিলেটে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। মাহবুব তালুকদার বলেন, ‘কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখতে হবে। নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে কেউ যাতে আঙুল তুলতে না পারে সে বিষয়ে সবাইকে নজর রাখতে হবে। ভোটার যেন ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন, তা নিশ্চিত করতে হবে।’
নির্বাচন কমিশনার আরো বলেন, ‘আমরা চাই সিলেট বিভাগে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। যেকোনো মূল্যে নির্বাচনে ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।’
সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে মাহবুব তালুকদার বলেন, ‘আগামীকাল থেকে দেশব্যাপী সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা জনগণের প্রত্যাশার প্রতিফলন। সেনাবাহিনী আমাদের বিশ্বাস ও আস্থার প্রতীক। আমি মনে করি, অতীতের সংসদ নির্বাচনগুলোতে সেনা মোতায়েনের মূল্যায়ন পর্যালোচনা করে নির্বাচনে সেনাবাহিনীর সর্বোত্তম ব্যবহার আবশ্যক। এবারের জাতীয় নির্বাচনে সেনাবাহিনী সমগ্র জাতীর আস্থার সংকট মোচন করেছে।’
এ সময় নির্বাচনে দায়িত্বপালনকারী কর্মকর্তাদের পক্ষপাতমূলক আচরণ না করার নির্দেশ দেন মাহবুব তালুকদার।
মতবিনিময় সভায় সিলেট বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী ও চার জেলার রিটার্নিং কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম বলেছেন, মারামারি ও উত্তপ্ত বাক্যবিনিময় বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির অংশ। যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, তখন আরেকটু গরম হয়ে যায়। আর উত্তাপ না থাকলে ভালো লাগে না।
ভোটের মাঠে সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আসন্ন সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে আরেক প্রশ্নে ইসি রফিকুল ইসলাম আরও বলেন, বিচারিক ক্ষমতা কারও নেই। পুলিশের নেই, র্যাবের নেই, সেনাবাহিনীর নেই- কারও নেই। যার হাতে অস্ত্র থাকে তার কিন্তু বিচারিক ক্ষমতা থাকে না। কারণ এটি বাংলাদেশের সংবিধানের জন্য স্ববিরোধী।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৩
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন