জাতীয় স্মৃতিসৌধে শেখ হাসিনার শ্রদ্ধা, বাইকে চড়ে অফিসে গেলেন পলক
https://parstoday.ir/bn/news/bangladesh-i67191-জাতীয়_স্মৃতিসৌধে_শেখ_হাসিনার_শ্রদ্ধা_বাইকে_চড়ে_অফিসে_গেলেন_পলক
নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (মঙ্গলবার) বেলা ১১টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে মুক্তিযুদ্ধের শহীদদের উদ্দেশে শ্রদ্ধা জানান।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জানুয়ারি ০৮, ২০১৯ ১৩:৩৬ Asia/Dhaka
  • জাতীয় স্মৃতিসৌধে শেখ হাসিনাসহ মন্ত্রিসভার সদস্যবৃন্দ
    জাতীয় স্মৃতিসৌধে শেখ হাসিনাসহ মন্ত্রিসভার সদস্যবৃন্দ

নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (মঙ্গলবার) বেলা ১১টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে মুক্তিযুদ্ধের শহীদদের উদ্দেশে শ্রদ্ধা জানান।

চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী ও একাদশতম জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভা গঠন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আগামী (বুধবার) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের একদিন পরে শেখ হাসিনা মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, জাতীয় সংসদের চিফ হুইপ এবং হুইপবৃন্দ, আওয়ামী লীগের সংসদীয় দলের সদস্যবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে, সাভার স্মৃতিসৌধে  শ্রদ্ধা জানাতে মন্ত্রিসভার সদস্যগণ একসঙ্গে বাসে চড়ে যাওয়া এবং যানজটে পড়ে একজন মন্ত্রীর মোটরসাইকেলে চড়ে অফিসে পৌঁছানোর ঘটনা বেশ চমক সৃষ্টি করেছে।

প্রধানমন্ত্রীর সঙ্গী হয়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে মন্ত্রিসভার অন্য সদস্যরা নিজস্ব গাড়ি ব্যবহার না করে চারটি এসি বাসে চড়ে সাভার স্মৃতি সৌধে যান।

মোটরসাইকেলে অফিসে গেলেন পলক

অপরদিকে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্য জুনাইদ আহমেদ পলক প্রথম দিন অফিসে গেলেন এক পথযাত্রীর মোটরসাইকেলে চড়ে। নিজের ফেরিফাইড ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করে পলক লিখেন, বাইকে চড়ে প্রথম দিন অফিসে প্রতিমন্ত্রীকে বহনকারী মোটরসাইকেল চালকের মাথায় হেলমেট থাকলেও মন্ত্রী ছিল না। ফেসবুকে অনেকেই বিষয়টির সমালোচনা করছেন।

প্রতিমন্ত্রী পলকের ব্যক্তিগত কর্মকর্তা রনজিৎ কুমার জানিয়েছেন, মঙ্গলবার সকালে বাসা থেকে নিজ গাড়িতে করে আগারগাঁওয়ে আইসিটি ডিভিশনের উদ্দেশে বের হন। পথে শেরে বাংলা নগরের র‌্যাব-২ এর অফিসের সামনে তীব্র যানজটের কবলে পড়েন তিনি। এ সময় অফিসে দেরি হয়ে যাওয়ায় এক পথযাত্রীর মোটরসাইকেলে করে অফিসে পৌঁছান পলক।

এমপিদের শপথ বাতিল ও প্রত্যাহার চেয়ে লিগ্যাল নোটিশ

এদিকে, দশম সংসদের মেয়াদ শেষ হবার আগেই একাদশ সংসদের এমপিদের শপথ গ্রহণ অসাংবিধানিক ও বেআইনি দাবি করে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে।

সুপ্রিমকোর্টের আইনজীবি অ্যাডভোকেট তাহেরুল ইসলাম তৌহিদের পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আজ রেজিস্ট্রি ডাকযোগে প্রেরিত এ নোটিশে বলা হয়, ২৮ জানুয়ারি দশম জাতীয় সংসদের ৫ বছর পূর্ণ হবে। মেয়াদ পূর্ণ হবার আগেই গত ৩ জানুয়ারি নতুন এমপিরা শপথ নিয়েছেন যা আইনের চোখে অচল ও বেআইনি।

জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রী পরিষদের সচিবকে পাঠানো এ নোটিশে আগামী ১৩ জানুয়ারি সকাল সাড়ে ৯টার মধ্যে এমপিদের শপথ বাতিল ও প্রত্যাহার চাওয়া হয়।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৮

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন