ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির প্রার্থী আবদুস সাত্তার জয়ী
https://parstoday.ir/bn/news/bangladesh-i67218-ব্রাহ্মণবাড়িয়া_২_আসনে_বিএনপির_প্রার্থী_আবদুস_সাত্তার_জয়ী
বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আরেকটি আসনে জয় পেয়েছে বিএনপি। আজ (বুধবার) ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের স্থগিত তিন কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের পর বিএনপির প্রার্থী আবদুস সাত্তার ভূঁইয়াকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এ নিয়ে বিএনপি মোট ছয়টি আসনে জয় লাভ করল। 
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জানুয়ারি ০৯, ২০১৯ ১৭:২০ Asia/Dhaka
  • আবদুস সাত্তার ভূঁইয়া
    আবদুস সাত্তার ভূঁইয়া

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আরেকটি আসনে জয় পেয়েছে বিএনপি। আজ (বুধবার) ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের স্থগিত তিন কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের পর বিএনপির প্রার্থী আবদুস সাত্তার ভূঁইয়াকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এ নিয়ে বিএনপি মোট ছয়টি আসনে জয় লাভ করল। 

গত ৩০ ডিসেম্বর এ আসনের মোট ১৩২ কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্রে অনিয়ম ও গোলযোগের কারণে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। পরে পুনরায় ভোট গ্রহণের জন্য ৯ জানুয়ারি নির্ধারণ করে নির্বাচন কমিশন (ইসি)। তবে ১৩২ কেন্দ্রের ফলাফলে জয়ের দ্বারপ্রান্তে ছিলেন আবদুস সাত্তার ভূঁইয়া। ধানের শীষ প্রতীকে তিনি পান ৮২ হাজার ৭২৩ ভোট আর স্বতন্ত্র প্রার্থী মো. মঈন উদ্দিন কলার ছড়ি প্রতীকে পান ৭২ হাজার ৫৬৪ ভোট।

বুধবার কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে স্থগিত তিন কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তিন কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে সাত্তার পেয়েছেন ১ হাজার ২৭৪ ভোট আর কলার ছড়ি প্রতীকে মঈন পেয়েছেন ২ হাজার ৮৫৫ ভোট।

এবারের হিসাব মিলিয়ে এ আসনে ধানের শীষ প্রতীকে মোট ভোট পড়েছে ৮৩ হাজার ৯৯৭ আর তার নিটকতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মঈন উদ্দিন কলার ছড়ি প্রতীকে পড়েছে ৭৫ হাজার ৪১৯ ভোট।

ভোটের প্রথম প্রহরে আশুগঞ্জ উপজেলার সোহাগপুর (দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটারদের সরব উপস্থিতি ছিল। তবে বেলা সাড়ে ১১টার পর থেকে কমতে থাকে ভোটারদের ভিড়। এ তিন কেন্দ্রের মোট ভোটার ১০ হাজার ৫৭৪ জন। আর আগে থেকেই ১০ হাজার ১৫৯ ভোটে এগিয়ে থাকায় জয় অনেকটা নিশ্চিত ছিল সাত্তারের।

আজকের নির্বাচনে এ তিন কেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন ছিল ৩৩৯ জন পুলিশ সদস্য, ৩৬ জন আনসার এবং দুই প্লাটুন বিজিবি ও দুই প্লাটুন র‍্যাব সদস্য।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৯

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন