ভারত থেকে বাংলাদেশে পালিয়ে এসেছে ১৩০০ রোহিঙ্গা, খোঁজা হচ্ছে আশ্রয়স্থল
https://parstoday.ir/bn/news/bangladesh-i67432-ভারত_থেকে_বাংলাদেশে_পালিয়ে_এসেছে_১৩০০_রোহিঙ্গা_খোঁজা_হচ্ছে_আশ্রয়স্থল
গ্রেফতার এবং জোর করে মিয়ানমারে পাঠিয়ে দেয়ার আতঙ্কে চলতি বছর ভারত থেকে এক হাজার ৩০০ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এদের বেশিরভাগই বর্তমানে আছেন কক্সবাজারের উখিয়ার বালুখালী জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) ট্রানজিট ক্যাম্পে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জানুয়ারি ১৮, ২০১৯ ০৮:৪৫ Asia/Dhaka
  • রোহিঙ্গা শরণার্থী
    রোহিঙ্গা শরণার্থী

গ্রেফতার এবং জোর করে মিয়ানমারে পাঠিয়ে দেয়ার আতঙ্কে চলতি বছর ভারত থেকে এক হাজার ৩০০ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এদের বেশিরভাগই বর্তমানে আছেন কক্সবাজারের উখিয়ার বালুখালী জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) ট্রানজিট ক্যাম্পে।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম বলেছেন, "আমরা শুনেছি প্রায় ৩০০টি পরিবারের এক হাজার ৩০০ রোহিঙ্গা ভয়ে বাংলাদেশে চলে এসেছেন। এদের বেশিরভাগকেই উখিয়ার বালুখালীর ইউএনএইচসিআরের ট্রানজিট ক্যাম্পে আপাতত রাখা হয়েছে। কিছু কিছু হয়তো এখনও আত্মীয়-স্বজনের সঙ্গে ক্যাম্পে আছে। তবে সবাইকে ট্রানজিট ক্যাম্পে নিয়ে আনার প্রক্রিয়া চলছে। এখন তাদের জন্য জায়গা খোঁজা হচ্ছে। জায়গা পেলে অন্যত্র সরানো হবে।"

তিনি আরও বলেন, "কিছুদিন আগে একটি রোহিঙ্গা পরিবারকে ভারত থেকে জোর করে মিয়ানমারে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর এ থেকে স্বদেশে ফেরত পাঠানোর ভয়ে রোহিঙ্গারা এখন বাংলাদেশে চলে আসা শুরু করেছেন। আমরা এ রকম শুনেছি। বর্তমানে প্রায় সাড়ে ১১ লাখ রোহিঙ্গার চাপে আমাদের হিমশিম খাওয়ার অবস্থা। এমন পরিস্থিতিতে আবার ভারত থেকে রোহিঙ্গারা আসছেন, এটি আমাদের জন্য মোটেও ইতিবাচক নয়।"

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইকবাল হোসেন বলেন, "ভারত থেকে পালিয়ে বাংলাদেশে আসা ৪৮ জন রোহিঙ্গাকে কুমিল্লা জেলা পুলিশ জব্দ করে। গত ৩ জানুয়ারি এদের কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হলে উখিয়া থানা পুলিশের মাধ্যমে এদের ঘুমধুম বালুখালী ইউএনএইচসিআর-এর ট্রানজিট ক্যাম্পে হস্তান্তর করা হয়। এদের মধ্যে ১০ জন নারী, ১১ জন পুরুষ এবং ২৭ জন শিশু রয়েছেন। এসব ছাড়াও আরও অনেক রোহিঙ্গা বিচ্ছিন্নভাবে বাংলাদেশে চলে এসেছেন বলে আমরা শুনেছি। তবে সঠিক সংখ্যা বলা যাচ্ছে না।"

রোহিঙ্গা শরণার্থী শিবির, কক্সবাজার।

মিয়ানমারে গণহত্যা ও নির্যাতনের শিকার হয়ে গত বছরের ২৫ আগস্টের পর থেকে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় সাড়ে আট লাখ রোহিঙ্গা। এর আগে বিভিন্ন সময়ে আসাসহ বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩২টি অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছেন ১১ লাখেরও বেশি রোহিঙ্গা। 

বর্তমানে এসব রোহিঙ্গাদের জাতিসংঘভুক্ত ও বিভিন্ন দেশি-বিদেশি সংস্থার সহযোগিতায় খাদ্য, বস্ত্র, চিকিৎসাসহ সরকার সব ধরনের মানবিক সেবা দিয়ে আসলেও এতো বিপুল সংখ্যক রোহিঙ্গার চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। এর মধ্যে এখন আবার ভারত থেকে রোহিঙ্গা আসা শুরু হলো।

উখিয়ার কুতুপালং ক্যাম্প-৪ এর হেডমাঝি আব্দুর রহিম বলেন, ভারতে নাকি থাকা-খাওয়ার খুব সমস্যা। দিনমজুরি বা অন্যান্য কাজ করে যা পাওয়া যায়, তা দিয়ে সংসার চলে না। তাছাড়া ওখান থেকে জোর করে রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠিয়ে দেওয়া হচ্ছে। যে কারণে রোহিঙ্গারা বাংলাদেশে চলে আসছেন।

ভারতে ৪০ হাজার রোহিঙ্গা শরণার্থী আছে বলে বলা হয়ে থাকে, যাদের মধ্যে সাড়ে ১৬ হাজার জাতিসংঘের শরণার্থী সংস্থার তালিকাভুক্ত। ভারতের কেন্দ্রীয় সরকার গত বছরের জুন মাসে জম্মু-কাশ্মীরসহ বিভিন্ন রাজ্যকে এই মর্মে নির্দেশ পাঠিয়েছিল যে অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের রাখতে হবে রাজ্যগুলোর এখতিয়ারভুক্ত পূর্বনির্ধারিত শিবিরে। তাদের বায়োমেট্রিক তথ্যসহ অন্যান্য ব্যক্তিগত তথ্য তালিকাভুক্ত করতে এবং তাদের কোনো ধরনের পরিচয়পত্র না দেওয়ার জন্য বলা হয়েছিল। এসব পদক্ষেপের বিরুদ্ধে আপত্তি উঠেছিল এই কারণে যে রোহিঙ্গা শরণার্থীদের ব্যাপারে এসব নির্দেশ ছিল বৈষম্যমূলক। কেননা ভারতে অন্য যেসব শরণার্থী আছে, যেমন তিব্বত থেকে পালিয়ে আসা বৌদ্ধ শরণার্থী, তাদের ব্যাপারে এই ধরনের কোনো নির্দেশ দেওয়া হয়নি। #

পার্সটুডে/আশরাফুর রহমান/১৮

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন