চিকিৎসাসেবা দিতে ব্যর্থ হলে ডাক্তারদের চাকরি থাকবে না: প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i67637-চিকিৎসাসেবা_দিতে_ব্যর্থ_হলে_ডাক্তারদের_চাকরি_থাকবে_না_প্রধানমন্ত্রী
বাংলাদেশের সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত না করলে ডাক্তারদের চাকরি ছেড়ে দিতে হবে বলে হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (রোববার) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় পরিদর্শনে এসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ হুঁশিয়ারি দেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জানুয়ারি ২৭, ২০১৯ ০৯:৪২ Asia/Dhaka
  • স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত না করলে ডাক্তারদের চাকরি ছেড়ে দিতে হবে বলে হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (রোববার) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় পরিদর্শনে এসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ হুঁশিয়ারি দেন।

প্রধানমন্ত্রী বলেন, সব জেলায় সার্ভে করতে হবে, কেন হাসপাতালে ডাক্তার থাকেন না। যারা সেবা দেবেন না, তাদের ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে রাখতে হবে। চিকিৎসকদের রাষ্ট্রীয় সম্মান দেয়া হয়েছে, তাদের অবশ্যই চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। তা না হলে চাকরি থেকে চলে যেতে হবে তাদের। 

শেখ হাসিনা বলেন, সরকারি হাসপাতালগুলোতে বায়োমেট্রিক পদ্ধতি চালু করে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

চিকিৎসকদের উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে এক বছর থাকতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসকদের দুই বছর ইন্টার্নশিপের ব্যবস্থা করতে হবে, এক বছর থাকতে হবে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে।

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আমাদের ডাক্তাররা সব সময় প্রাইভেট চিকিৎসা দিতে পছন্দ করেন। পৃথিবীর অনেক দেশ আছে ডাক্তাররা যতদিন সরকারি চাকরি করেন, ততদিন প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন না। প্রয়োজনে সরকারি হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ সৃষ্টির কথাও বলেন তিনি।

নার্সদের সরকারি নানান সুবিধা দেয়ার কথা মনে করিয়ে দিয়ে সরকার প্রধান বলেন, দ্বিতীয় শ্রেণির চাকরির মর্যাদা পেয়ে নার্সরা রোগীর সেবা করবেন না সেটা হবে না। শুধু ওষুধ খাওয়ানোর জন্য তাদের নার্স করা হয়নি। যারা রোগীর সেবা করবেন না তাদের এই পেশায় আসার দরকার নাই।

তিনি বলেন, এখন নার্সদের উচ্চশিক্ষার সুযোগ আছে। নার্সরা সেবা দেবে না- এটা ঠিক নয়। নার্সদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। শিগগিরই নার্সদের কর্মপরিধি আবারও মন্ত্রণালয়কে সুনির্দিষ্টকরণের তাগিদ দেন তিনি।

বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার মান বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, বেসরকারি মেডিকেল কলেজের প্রতি আরও নজর দেয়া প্রয়োজন। মান ও সেবা দুটোরই উন্নয়ন প্রয়োজন। আগামীতে প্রতিটি বিভাগীয় শহরে আরও বড় মাপের হাসপাতাল গড়ে তোলা হবে।

প্রধানমন্ত্রী জানান, আগামীতে ঢাকা মেডিকেল কলেজ আরো সম্প্রসারণ করা হবে। আটটি বিভাগীয় শহরে ১০০ শয্যা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল স্থাপন করা হবে। ১০ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।

যত্রতত্র বেসরকারি মেডিকেল কলেজ স্থাপনে আগ্রহের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের মেডিকেল কলেজ অনেক বেশি হয়ে যাচ্ছে। আমরা বাঙালিরা হুজুগে মাতি, যে জায়গায় যাই, সেখানেই একটি মেডিকেল কলেজ দরকার। আমি বলি, আমি করে দেবো। আপনি শিক্ষক ও ছাত্রছাত্রীদের একটি তালিকা দেন। সেটা হয় না। এ সময়, সরেজমিনে পরিদর্শন করে, শিক্ষার মান নিশ্চিতের তাগিদও দেন সরকার প্রধান।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২৭

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন