‘রোহিঙ্গা সমস্যা দীর্ঘায়িত হলে এ অঞ্চলে অস্থিতিশীলতা দেখা দিতে পারে’
https://parstoday.ir/bn/news/bangladesh-i67865-রোহিঙ্গা_সমস্যা_দীর্ঘায়িত_হলে_এ_অঞ্চলে_অস্থিতিশীলতা_দেখা_দিতে_পারে’
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘রোহিঙ্গা সমস্যা দীর্ঘায়িত হলে এ অঞ্চলে অনিশ্চয়তা ও অস্থিতিশীলতা দেখা দিতে পারে। এটি কেবল মিয়ানামার ও বাংলাদেশের নয় বরং এ অঞ্চলের অন্যান্য দেশের জন্যও সমস্যার কারণ হতে পারে। ফলশ্রুতিতে এটি বৈশ্বিক সমস্যা হিসেবে আবির্ভূত হতে পারে।’
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ফেব্রুয়ারি ০৫, ২০১৯ ১০:২২ Asia/Dhaka
  • এ কে আব্দুল মোমেন ও বব রে
    এ কে আব্দুল মোমেন ও বব রে

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘রোহিঙ্গা সমস্যা দীর্ঘায়িত হলে এ অঞ্চলে অনিশ্চয়তা ও অস্থিতিশীলতা দেখা দিতে পারে। এটি কেবল মিয়ানামার ও বাংলাদেশের নয় বরং এ অঞ্চলের অন্যান্য দেশের জন্যও সমস্যার কারণ হতে পারে। ফলশ্রুতিতে এটি বৈশ্বিক সমস্যা হিসেবে আবির্ভূত হতে পারে।’

আজ (মঙ্গলবার) পররাষ্ট্রমন্ত্রীর দফতরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মিয়ানমার বিষয়ক বিশেষ দূত বব রে-এর সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাখাইনে এখনও অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। যে কারণে এখনও সেখান থেকে বাসিন্দারা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আসছে। তবে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের জন্য যা যা করা দরকার সব আমরা করব। এই কাজে কানাডা আমাদের সহযোগিতা করছে।’

রোহিঙ্গা শরণার্থী

এসময় কানাডার প্রধানমন্ত্রীর বিশেষ দূত বব রে বলেন, ‘রাজনীতি একটি জটিল বিষয়। এটি একটি চ্যালেঞ্জ। সমস্যার সমাধানে আমাদের অনেক কিছু করতে হবে এবং কার্যকরী পদক্ষেপ নিতে হবে। আমরা বিশ্বাস করি নিরাপত্তা ও রাজনৈতিক অধিকারসহ রোহিঙ্গাদের প্রত্যাবাসন অবশ্যই জরুরি। আমি সম্প্রতি রোহিঙ্গাদের সঙ্গে দেখাও করেছি। আমি জানতে চেয়েছি তারা কী চায়। তারা সবাই বলেছে তারা ফিরতে চায়, তবে অবশ্যই নিরাপত্তা দিতে হবে।’

পর্দার অন্তরালে রোহিঙ্গা সমস্যার সমাধানে আলোচনা চলছে কিনা- জানতে চাইলে বব রে বলেন, ‘আলোচনা চলমান রয়েছে। তবে সফল হয় কিনা বলতে পারছি না। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য জোর চেষ্টা চলছে।’

রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা চালিয়ে সমাধান বের করার লক্ষ্যে ও সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ে সিরিজ বৈঠক ছাড়াও কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে শুক্রবার পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসেন বব রে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৫

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন