এখন আর বিদ্যুতের জন্য গ্রাহকদের ঘুরতে হয় না: শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i67898-এখন_আর_বিদ্যুতের_জন্য_গ্রাহকদের_ঘুরতে_হয়_না_শেখ_হাসিনা
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ২০২১ সালের মধ্যে প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার অঙ্গীকার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ৬টি নতুন বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র এবং ১২টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের কর্মসূচি উদ্বোধন করেছেন।  
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
ফেব্রুয়ারি ০৬, ২০১৯ ১৩:৪২ Asia/Dhaka
  • এখন আর বিদ্যুতের জন্য গ্রাহকদের ঘুরতে হয় না: শেখ হাসিনা

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ২০২১ সালের মধ্যে প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার অঙ্গীকার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ৬টি নতুন বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র এবং ১২টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের কর্মসূচি উদ্বোধন করেছেন।  

বুধবার সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এসব বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের সার্বিক উন্নয়নে সবচাইতে যেটা বেশি প্রয়োজন সেটা হলো বিদ্যুৎ। বিদ্যুতের উৎপাদনের মাধ্যমে প্রতিটি ঘরে আলো জ্বালব। এটাই আমাদের লক্ষ্য। ইতোমধ্যে দেশের ৯৩ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে। এখন আর বিদ্যুতের জন্য গ্রাহকদের ঘুরতে হয় না। বরং সংযোগ পৌঁছে যাচ্ছে গ্রাহকদের কাছে।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ‘২০২০-২০২১ এই বর্ষকে আমরা মুজিববর্ষ হিসেবে ঘোষণা দিয়েছি। কাজেই বাংলাদেশের জনগণের সকলে এটা উদযাপন করবেন। বাংলাদেশ হবে জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্যমুক্ত বাংলাদেশ।

বক্তব্য শেষে এক হাজার ৫৭ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ছয়টি নতুন বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

নতুন উদ্বোধন করা কেন্দ্রগুলো হচ্ছে- ভোলার শাহবাজপুরে গ্যাস ভিত্তিক ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, সিরাজগঞ্জে ২৮২ মেগাওয়াটের একটি ইউনিট, খুলনার রূপসায় ১০০ মেগাওয়াট, চাঁদপুরে ২০০ মেগাওয়াট, আশুগঞ্জে ১৫০ ও চট্টগ্রামে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প। একই অনুষ্ঠানে তিনি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় দেশে এই প্রথম সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ এবং ১২টি উপজেলায় শতভাগ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ৩০৬টি উপজেলায় শতভাগ বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা নেয়া হয়েছে। এরমধ্যে ২৬৩টি উপজেলায় শতভাগ বিদ্যুৎ সরবরাহ ইতোমধ্যেই উদ্বোধন করা হয়েছে। অবশিষ্ট ৪৩টি উপজেলা চলতি বছরের জুন নাগাদ উদ্বোধন করা হবে।

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, বিদ্যুত্ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নাসিরুল হামিদ বিপু অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমেদ কায়কাউস অনুষ্ঠানে বিদ্যুৎ খাতের উন্নয়নের সার্বিক চিত্র তুলে ধরেন।

সাবেক মন্ত্রী এবং সিনিয়র আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ এবং ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ, সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম, সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ ইসলাম আল জ্যাকব এবং সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যগণ এ সময় গণভবনে উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৬

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন