রোহিঙ্গা প্রত্যাবর্তনে পরিবেশ তৈরিতে মিয়ানমার সরকার ব্যর্থ: শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i68268-রোহিঙ্গা_প্রত্যাবর্তনে_পরিবেশ_তৈরিতে_মিয়ানমার_সরকার_ব্যর্থ_শেখ_হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবর্তনে দু’দেশের মধ্যে চুক্তি সই হওয়া সত্ত্বেও দুর্ভাগ্যজনকভাবে তাদের ফিরিয়ে নেয়ার অনুকূল পরিবেশ তৈরিতে মিয়ানমার সরকার ব্যর্থ।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ফেব্রুয়ারি ২০, ২০১৯ ২০:১৬ Asia/Dhaka
  • শেখ হাসিনা
    শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবর্তনে দু’দেশের মধ্যে চুক্তি সই হওয়া সত্ত্বেও দুর্ভাগ্যজনকভাবে তাদের ফিরিয়ে নেয়ার অনুকূল পরিবেশ তৈরিতে মিয়ানমার সরকার ব্যর্থ।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি সফরের সময় মঙ্গলবার খালিজ টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আমরা মিয়ানমার সরকারের সঙ্গে চুক্তি করেছি এবং তারা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনো তারা রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়নি। আমরা চুক্তির বাস্তবায়ন করতে পারিনি।

রোহিঙ্গা শরণার্থীদের তাদের নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার অনুকূল পরিবেশ সৃষ্টি করা এবং তাদের নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নেয়া মিয়ানমার সরকারের কর্তব্য বলে তিনি মন্তব্য করেন।

রোহিঙ্গা প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সত্যিকারেই তারা চেষ্টা করছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যেকোনো ভাবেই হোক, কেন জানি তাদের এ চাপ ভালো কাজ করছে না।

রোহিঙ্গা শরণার্থী

শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেন, মিয়ানমার একদিন বুঝতে পারবে তারা যা করছে তা সঠিক নয় এবং মিয়ানমারের উচিত তাদের নাগরিকদের ফিরিয়ে নেয়া।

মিয়ানমারে অনিরাপদ পরিবেশ সত্ত্বেও রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে বাংলাদেশ তাড়াহুড়ো করছে- এমন অভিযোগের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এটি সত্য নয়। তবে কতদিন মানুষ উদ্বাস্তু শিবিরে বসবাস করতে পারে? যারা এ ধরনের কথা বলছে, তারা কখনো শরণার্থী ক্যাম্পের দুর্দশা দেখেনি, উপলব্ধি করেনি। কিন্তু আমি শরণার্থীদের কষ্ট বুঝি।

তিনি বলেন, ঘরবাড়ি ছাড়া উদ্বাস্তু জীবন কষ্টের, বেদনার, আমরা সেটা বুঝতে পারি। আমি বুঝি এ মানুষগুলোর তাদের নিজ দেশে ফিরে যাওয়া উচিত এবং ভালো জীবন-যাপন করা উচিত।

মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস ও বর্বর অভিযানের মুখে ২০১৭ সালের আগস্ট থেকে সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসেছে। নাগরিকত্ব প্রত্যাখ্যাত এবং স্বাস্থ্য, শিক্ষাসহ অন্যান্য মৌলিক অধিকার বঞ্চিত আরও ৩ লাখের মতো রোহিঙ্গা নৃশংসতার শিকার হয়ে বিভিন্ন সময় বাংলাদেশে আশ্রয় নিয়েছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২০