মিয়ানমারের আর কোনো নাগরিককে আশ্রয় দেবে না বাংলাদেশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i68477-মিয়ানমারের_আর_কোনো_নাগরিককে_আশ্রয়_দেবে_না_বাংলাদেশ
মিয়ানমার থেকে আর কোনো শরণার্থী নিতে পারবে না বলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানিয়ে দিয়েছে বাংলাদেশ। রাখাইনে সামরিক বাহিনীর সহিংসতার মুখে সাত লক্ষাধিক রোহিঙ্গা মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়ার ১৮ মাস পর এ সিদ্ধান্ত জানাল বাংলাদেশ।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ০১, ২০১৯ ০৯:৩৩ Asia/Dhaka
  • শহিদুল হক
    শহিদুল হক

মিয়ানমার থেকে আর কোনো শরণার্থী নিতে পারবে না বলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানিয়ে দিয়েছে বাংলাদেশ। রাখাইনে সামরিক বাহিনীর সহিংসতার মুখে সাত লক্ষাধিক রোহিঙ্গা মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়ার ১৮ মাস পর এ সিদ্ধান্ত জানাল বাংলাদেশ।

পররাষ্ট্র সচিব শহিদুল হক গতকাল (বৃহস্পতিবার) নিরাপত্তা পরিষদের অধিবেশনে বলেন, আমি দুঃখের সঙ্গে পরিষদকে জানাচ্ছি যে, মিয়ানমার থেকে আরো মানুষকে আশ্রয় দেওয়ার অবস্থানে আর নেই বাংলাদেশ। এসময় তিনি মিয়ানমারকে মিথ্যা প্রতিশ্রুতি ও বাধা সৃষ্টির দায়ে অভিযুক্ত করেন। তিনি বলেন, মিয়ানমার সহায়ক পরিস্থিতি নিশ্চিত না করায় একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো যায়নি। 

তিনি বলেন, "রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনায় মিয়ানমার যেসব প্রতিশ্রুতি দিয়েছে, সেসব ছিল ‘ফাঁকা বুলি’। এ বিষয়ে নানাভাবে প্রতিবন্ধকতা তৈরি করেছে তারা। একজন রোহিঙ্গাও স্বেচ্ছায় রাখাইনে ফিরে যেতে রাজি হয়নি কারণ সেখানে তাদের নিরাপদে বসবাস করার মত পরিস্থিতি মিয়ানমার এখনও তৈরি করেনি।”

রোহিঙ্গা শরণার্থী

নিরাপত্তা পরিষদের পশ্চিমা রাষ্ট্রগুলো মিয়ানমারের উদ্যোগের অভাবের সমালোচনা করেন। নিরাপত্তা পরিষদে ব্রিটিশ দূত কারেন পিয়ার্স বলেন, এখনো রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে এবং তাদের জন্য সহায়ক পরিবেশ সৃষ্টি না করতে পারায় আমরা গভীরভাবে হতাশ এছাড়া অনেকেই রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিতের গুরুত্ব তুলে ধরেন। একইসঙ্গে মিয়ানমারের প্রতি আহ্বান জানান যাতে জাতিসংঘের প্রতিনিধিরা রাখাইনে প্রবেশ করতে পারেন।

এসময় মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের প্রতিনিধি ক্রিশ্চিন শ্রানার-বারগেনার বলেন, এখনো রাখাইনে জাতিসংঘের প্রবেশাধিকার সীমিত। তিনি আরো বলেন, রোহিঙ্গা মুসলিমদের ওপর যে মাত্রার নির্যাতন হয়েছে এবং মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের যেসব অভিযোগ রয়েছে তাতে এটা প্রমাণিত হয় যে রোহিঙ্গা নির্যাতন এ শতাব্দীর সব থেকে ভয়াবহ ঘটনাগুলোর একটি

অং সান সু চি

তবে জাতিসংঘে চীনের সহকারী দূত উ হাইতাও বলেন, এই সমস্যাটি শুধু বাংলাদেশ ও মিয়ানমারের। তাই তাদেরকেই এই সংকটের সমাধান করতে হবে। রুশ দূত দিমিত্রি পলিয়ানস্কি তার এ বক্তব্যকে সমর্থন করেন। আমেরিকার সহকারী দূত জোনাথান কোহেন বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় কোনোভাবেই পৃথিবীর সব থেকে বড় শরণার্থী শিবিরকে উপেক্ষা করতে পারেন না। 

মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস ও বর্বর অভিযানের মুখে ২০১৭ সালের আগস্ট থেকে সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসেছে। নাগরিকত্ব প্রত্যাখ্যাত এবং স্বাস্থ্য, শিক্ষাসহ অন্যান্য মৌলিক অধিকার বঞ্চিত আরও ৩ লাখের মতো রোহিঙ্গা নৃশংসতার শিকার হয়ে বিভিন্ন সময় বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

ইতোমধ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর আক্রমণকে জাতিগত নিধনযজ্ঞ হিসেবে আখ্যায়িত করেছে জাতিসংঘ। তবে মিয়ানমার প্রথম থেকেই এ দাবি অস্বীকার করে আসছে#

পার্সটুডে/আশরাফুর রহমান/১

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন