বনানীতে অগ্নিকাণ্ডে নিহত ২৫, মামলা হয়নি: ডিএমপি কমিশনার
https://parstoday.ir/bn/news/bangladesh-i69208-বনানীতে_অগ্নিকাণ্ডে_নিহত_২৫_মামলা_হয়নি_ডিএমপি_কমিশনার
বাংলাদেশের রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ২৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ (শুক্রবার) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান জোনের উপকমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ এফ আর টাওয়ারের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। 
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
মার্চ ২৯, ২০১৯ ১১:১১ Asia/Dhaka
  • বনানীতে অগ্নিকাণ্ডে নিহত ২৫, মামলা হয়নি: ডিএমপি কমিশনার

বাংলাদেশের রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ২৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ (শুক্রবার) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান জোনের উপকমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ এফ আর টাওয়ারের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। 

তিনি বলেন, ‘এখন পর্যন্ত এ ঘটনায় ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সবার লাশ শনাক্ত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ২৪ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি একজনের লাশ ঢাকা মেডিকেলে আছে। তাঁকেও শনাক্ত করা হয়েছে। সেটিও হস্তান্তর করা হবে।’

 ডিএমপি গুলশান জোনের উপকমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ

গতকাল রাত থেকে এখন পর্যন্ত আর কেউ নিখোঁজের কোনো তথ্য দেননি বা সন্ধান নিতে আসেনি বলেও জানান পুলিশের এই উপকমিশনার।  

ফায়ার সার্ভিস এখনও উদ্ধারকাজ করছে জানিয়ে ডিসি মোস্তাক আহমেদ বলেন, ভবনের বিভিন্ন ফ্লোরে গুরুত্বপূর্ণ জিনিস থাকায় সময় লাগছে। ঘণ্টাখানেক পর তারা পুলিশের কাছে ভবনটি হস্তান্তর করবে। পরে পুলিশের ২১টি টিম ভেতরে কাজ করবে। প্রত্যেকটি টিমে একজন উপ-পরিদর্শক (এসআই), একজন সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) নয়জন করে পুলিশ সদস্য থাকবে।   

পুলিশের এই কর্মকর্তা বলেন, উদ্ধারের সব প্রক্রিয়া শেষে ভবনটিতে অগ্নিকাণ্ডে অভিযুক্তদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, ‘এফ আর টাওয়ারটির মালিক ইঞ্জিনিয়ার ফারুক এবং রূপায়ণ গ্রুপ। আমরা মালিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।’

ডিসি মোস্তাক আহমেদ আরো বলেন, ‘সকলের প্রতি অনুরোধ করব, যেকোনো তথ্যের জন্য আমাদের জিজ্ঞেস করুন, কন্ট্রোল রুম থেকে আপনারা নিন, যাতে কোনো অসমর্থিত তথ্য প্রকাশিত না হয়, যাতে কেউ বিভ্রান্ত ধারণার মধ্যে না থাকে।’

গতকাল দুপুরে বনানীর ২২ তলা ভবনটিতে আগুন লাগে। আগুনের ঘটনায় আটকা পড়েন অনেকে। আগুন নিয়ন্ত্রণ ও আটকেপড়াদের উদ্ধারে কাজ করেন ফায়ার সার্ভিস, সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনের আট ও নয়তলা থেকে আগুনের সূত্রপাত। এর পরই একের পর লাশ বের করে আনা হয়। রাতে পুলিশের পক্ষ থেকে ২৫ জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে ১৯ জনের লাশ উদ্ধারের কথা গণমাধ্যমে জানানো হয়। আর এতে করেই লাশের সংখ্যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়।

এ অবস্থার পরিপ্রেক্ষিতে আজ সকালে পুলিশের পক্ষ থেকে ফের লাশের সংখ্যা ২৫ বলে জানানো হলো। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি। আজ সকাল থেকেই ভবনটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৯