খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে: চিকিৎসক
https://parstoday.ir/bn/news/bangladesh-i69345-খালেদা_জিয়ার_শারীরিক_অবস্থা_উন্নতির_দিকে_চিকিৎসক
বাংলাদেশের কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে এবং তার ডায়াবেটিস ও প্রেশার নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ০৪, ২০১৯ ১৫:২৬ Asia/Dhaka
  • বেগম খালেদা জিয়া
    বেগম খালেদা জিয়া

বাংলাদেশের কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে এবং তার ডায়াবেটিস ও প্রেশার নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন।

আজ (বৃহস্পতিবার) দুপুরে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান। গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি  আছেন।

এদিকে খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্যায়-অত্যাচারে বিরুদ্ধে সত্যের জন্য রাজপথে আন্দোলন চলবে। যতক্ষণ পর্যন্ত না গণতন্ত্রের মুক্তি হয়, বেগম খালেদা জিয়া মুক্ত না হন ততক্ষণ পর্যন্ত এ আন্দোলন চলবে।

বৃহস্পতিবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে রিজভী এ কথা বলেন।

রিজভী বলেন, ‘নেলসন ম্যান্ডেলাকে ২৭ বছর কারাগারে আটকে রাখা হয়েছিল। তাতে জনগণ কার দিকে ছিল? বিশ্ব জনমত কার দিকে ছিল? শ্বেতাঙ্গরা সেদিন বাঁচতে পারেনি। গোটা বিশ্বে নন্দিত-জননন্দিত নেতা নেলসন ম্যান্ডেলা।

রিবভী প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনি বেগম খালেদা জিয়াকে জেলে রেখেছেন, বন্দি রেখেছেন। তিনি এখন আর বাংলাদেশের নেতা নন, এশিয়া, ল্যাটিন আমেরিকার মানুষের কণ্ঠে ধ্বনিত হচ্ছে, বেগম খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া। তিনি অন্যায়-প্রতিহিংসা-জিঘাংসার শিকার।

রিজভী বলেন, ‘দেশনেত্রী সুস্থ মানুষ কারাগারে হেঁটে গেলেন। এখন তিনি হাঁটতে পারছেন না, হুইল চেয়ার ব্যবহার করছেন। তিনি মাথা সোজা করতে পারছেন না। জেলখানার একটি অন্ধকার প্রকোষ্ঠে রেখেছেন তাকে। সেখান থেকে কয়েকদিন পর পর টেনে-হিঁচড়ে আদালতে নিয়ে যাচ্ছেন। কেনো?

সারা দেশে নারী ও শিশু নির্যাতন রোধে সরকারের ব্যর্থতার সমালোচনা করে তিনি আরও বলেন, ‘আপনি এক এক করে গণতন্ত্র হরণ করেছেন, স্বাধীনতাকে ধবংস করেছেন, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছেন, মানুষের মৌলিক অধিকার হরণ করেছেন। আপনি গণতন্ত্র ধ্বংস করে হরণতন্ত্র চালু করেছেন।’

মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের পরিচালনায় সমাবেশে মহিলা দলের আফরোজা আব্বাস, হেলেন জেরিন খান, পেয়ারা মোস্তফা, শামসুন্নাহার ভুঁইয়া, সাবিনা ইয়াসমীন, মাসুদা খানম লতা, নিলুফার ইয়াসমীন নিলু, সেলিনা হাফিজ, মর্জিনা আফসারী প্রমুখ বক্তব্য রাখেন।# 

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৪