খালেদা জিয়া প্যারোলে মুক্তির আবেদন করলে সরকার ভেবে দেখবে: স্বরাষ্ট্রমন্ত্রী
-
আসাদুজ্জামান খান
সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন করলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তি দেয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ (শনিবার) জামালপুরের দেওয়ানগঞ্জে বাহাদুরাদ এলাকায় একটি নৌ থানার ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা ভালো। তারপরও বিএনপি যদি তার চিকিৎসার জন্য প্যারোলে মুক্তির আবেদন করে, সেটি যদি যৌক্তিক মনে হয় তবে বিষয়টি সরকার ভেবে দেখবে।
প্রসঙ্গত, দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের দণ্ড নিয়ে গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারাবন্দী রয়েছেন। কারাগারে গুরুতর অসুস্থ বেগম জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দাবি জানিয়ে আসছে বিএনপি।
গত সপ্তাহে খালেদা জিয়াকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। এরইমধ্যে খালেদা জিয়াকে প্যারেলো মুক্তি দিয়ে বিদেশ পাঠাবার বিষয়টি আলোচনায় চলে আসে।
একতরফা বিচার করে খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছে: ফখরুল
এদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারো দাবি করেছেন, একতরফা বিচার করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছে।
শনিবার দুপুরে রাজধানীতে ২০ দলীয় জোটের শরিক কল্যাণ পার্টির চতুর্থ কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, সারাদেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় ৫ হাজার গায়েবি মামলা করা হয়েছে। দেশের মানুষ জানে মামলাগুলো সত্যি নাকি মিথ্যা। বিএনপি নেতাকর্মীদের নামে গায়েবি মামলা দিয়ে জেলে আটক রেখে হয়রানি করেই নির্বাচনে জয়লাভ করেছে আওয়ামী লীগ।
এসময় তিনি বলেন, সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল একত্রিত হয়ে জনগণকে সাথে নিয়ে আন্দোলণের মাধ্যমেই গণতন্ত্র মুক্ত করা হবে এবং একইসাথে বেগম জিয়াকেও মুক্ত করা হবে।
খালেদা জিয়াকে মুক্ত করার কোনো উপায় নেই: তথ্যমন্ত্রী
তবে, সরকারের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আদালত ছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার কোনো উপায় নেই।
গতকাল শুক্রবার (৫ এপ্রিল) রাজধানীতে এটি অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি আরো বলেন, বিএনপি বহুবার আন্দোলনের কথা বলেছে, কিন্তু বিএনপির আন্দোলন এবং আহ্বানের ডাক মানুষের কাছে হাস্যপদ হয়ে গেছে।
খালেদার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ
এদিকে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আজও রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
আজ (শনিবার) বেলা দেড়টার দিকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারো বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের কাছে এসে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দেন।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী বলেন, আজ আইন-আদালত-প্রশাসন-নির্বাচন কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান একদলীয় বাকশালী ব্যবস্থার অধীন। বাকশালী চেতনাধারীরা এখন গণতন্ত্রকে সাদা কাফনে পেঁচিয়ে ফেলে গণতান্ত্রিক শক্তির প্রতীক বিএনপি চেয়ারপার্সন ও চারবারের সাবেক প্রধানমন্ত্রী জনগণের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দী করে প্রতিহিংসা চরিতার্থ করছেন।
রিজভী আরো বলেন, সরকার দেশনেত্রীর জীবন নিয়ে তামাশা শুরু করেছেন। এখন হাসপাতাল কর্তৃপক্ষও সরকারের সুরে তাল মেলাচ্ছেন। স্বৈরাচারদের বন্দীদশা থেকে যিনি বারবার গণতন্ত্র ফিরিয়ে আনতে আপোষহীন লড়াই চালিয়েছেন তাকে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে পৃথিবী থেকে বিদায় করতেই যাবতীয় আয়োজন করা হচ্ছে বলে জনমনে গভীর সংশয় দেখা দিয়েছে।
এ সময় রিজভী অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার পছন্দের হাসপাতালে সুচিকিৎসার সুযোগসহ নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।
খালেদা জিয়ার অবস্থার উন্নতি হচ্ছে: চিকিৎসক
ওদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক আজ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে কারাগারে থেকে অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালোর দিকে। আগের চেয়ে তার অবস্থার উন্নতি হচ্ছে।
শনিবার খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পকে তিনি সাংবাদিকদের জানান, বিএসএমএমইউতে আসার পর থেকেই সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। মেডিকেল বোর্ডের দেয়া ওষুধ তিনি নিয়মিত খাচ্ছেন, তার ভালো ঘুমও হচ্ছে।
তিনি জানান, খালেদা জিয়া ডায়াবেটিসে আক্রান্ত। এটা নিয়ন্ত্রণে এসে যাবে, এর জন্য সময় লাগবে।
এর আগে গত সোমবার দুপুরে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউয়ে আনা হয় খালেদা জিয়াকে। তার চিকিৎসায় এ বিশ্ববিদ্যালয়ে ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক মো. জিলন মিঞা সরকারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৬