‘ফারসি ভাষা বিশ্বকে অনেক আন্তর্জাতিক মানের কবি-সাহিত্যিক উপহার দিয়েছে’
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বলেছেন, ফারসি এমন একটি ভাষা যা বিশ্বকে অনেক আন্তর্জাতিক মানের কবি-সাহিত্যিক উপহার দিয়েছে। এই ভাষাটি উপমহাদেশে দীর্ঘসময় রাষ্ট্রীয় ভাষা ছিল। এ অঞ্চলে এই ভাষাটির বিস্তারে আঞ্জুমানে ফারসির নবগঠিত কমিটি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে বলে আমার বিশ্বাস।
আজ (শুক্রবার) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার হলে আঞ্জুমানে ফারসি’র কাউন্সিল অনুষ্ঠানে প্রধান আতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল মান্নান বলেন, প্রতিটি ভাষাই বিদেশি শব্দ দ্বারা সমৃদ্ধ হয়। বাংলাও তার ব্যতিক্রম নয়। বাংলায় বিদেশি শব্দের ব্যবহার না থাকলে এই ভাষাটিও সংস্কৃত ভাষার মতোই একটি মৃত ভাষায় পরিণত হতো। বিদেশি ভাষা বিশেষকরে আরবি ও ফারসি এই ভাষাকে সমৃদ্ধ করেছে।

তিনি বলেন, আমার জন্মস্থান চট্টগ্রাম ব্রিটিশ সাম্রাজ্যের সর্বশেষ অঞ্চল হলেও এটি ছিল বিভিন্ন ভাষাভাষীদের প্রবেশ পথ। যে পথে ব্যবসায়ীদের সাথে বিভিন্ন ভাষা, ধর্ম ও সংস্কৃতির প্রবেশ ঘটেছে।
আব্দুল মান্নান বলেন, বঙ্গ ছিল এ অঞ্চলের সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল। আর এখানে হাজার বছরের প্রাচীন বন্দর থাকায় এ পথ দিয়েই বেশিরভাগ বণিকরা এ অঞ্চলে প্রবেশ করত। যে কারণে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এখনও প্রচুর বিদেশি শব্দের ব্যবহার লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নাফার বলেন, এ অঞ্চলে ফারসি ভাষা ও সংস্কৃতি বিস্তারের লক্ষ্যে গঠিত আঞ্জুমানে ফারসির এই কাউন্সিল অনুষ্ঠানে ফারসি ভাষাভাষীদের দেশ ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত হিসেবে উপস্থিত থেকে নিজেকে ইতিহাসের অংশ করতে পারায় গৌরবান্বিত অনুভব করছি। আশা করছি- নতুন কমিটি আঞ্জুমানে ফারসির পথ চলাকে আরো বেগবান করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল কালাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রফেসর ড. কে এম সাইফুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ইরানি ভিজিটিং প্রফেসর ড. কাযেম কাহদুয়ী ও ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের ভারপ্রাপ্ত কালচারাল কাউন্সেলর ড. মাহদী হোসেইনী ফায়েক। আলোচনা পর্ব শেষে নতুন কমিটি গঠন করা হয়।

নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন বিশিষ্ট লেখক ও সাহিত্যিক ড. ইসা শাহেদী, সহ-সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ফারসি বিভাগের শিক্ষক শামীমা বানু, যুগ্ম সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক আহসানুল হাদি, কোষাধ্যক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ফারসি বিভাগের শিক্ষক অ্যাডভোকেট কামাল হোসেন, প্রচার সম্পাদক শেইখ মোহাম্মদ ওসমান গণি, প্রকাশনা সম্পাদক ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সাইদুল ইসলাম, অনুবাদ ও গবেষণা সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক মেহেদি হাসান ও অফিস সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল।
সদস্য নির্বাচিত হন জামিয়াতুল মোস্তফা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহনাজ আরেফিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আতাউল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. নূরে আলম, ঢাকাস্থ ইরানিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল আব্দুল কুদ্দুস বাদশাহ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক ড. সিদ্দিকুর রহমান।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৬