খালেদা জিয়ার বিরুদ্ধে খনি দুর্নীতি মামলায় চার্জ শুনানি ১৬ মে
https://parstoday.ir/bn/news/bangladesh-i70059-খালেদা_জিয়ার_বিরুদ্ধে_খনি_দুর্নীতি_মামলায়_চার্জ_শুনানি_১৬_মে
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় চার্জ শুনানির তারিখ পিছিয়ে আগামী ১৬ মে ধার্য করেছে আদালত।
(last modified 2026-04-22T07:21:27+00:00 )
মে ০২, ২০১৯ ১৫:৩৬ Asia/Dhaka
  • বেগম খালেদা জিয়া
    বেগম খালেদা জিয়া

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় চার্জ শুনানির তারিখ পিছিয়ে আগামী ১৬ মে ধার্য করেছে আদালত।

আজ (বৃহস্পতিবার) এ মামলায় চার্জ শুনানির দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে উপস্থিত করা হয়নি। এজন্য তার পক্ষে আইনজীবীরা শুনানি পেছানোর আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে পুরান ঢাকার বকশিবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালত-২ এর বিচারক এ এইচ এম রুহুল ইমরান সময়ের আবেদন মঞ্জুর করে চার্জ শুনানির নতুন তারিখ ধার্য করেন ১৬ মে।

এদিকে, কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বৃহস্পতিবার রাজধানীর মহানগর দায়রা জজ আদালতের সামনে প্রতীকী আনশন করেছেন বিএনপি সমর্থক আইনজীবীরা। গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তি আইনজীবী আন্দোলনের ব্যানারে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ প্রতিকী অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনশনে শতাধিক আইনজীবী অংশ নিয়ে অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি ও তার চাহিদা অনুযায়ী বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেয়ার দাবি জানান।

অনশন কর্মসূচিতে বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, বেগম খালেদা জিয়ার জামিনের বিষয়ে সরকারি হস্তক্ষেপ বন্ধ করতে হবে এবং তার প্রত্যাশা অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করতে হবে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২