চেতনা ও আদর্শহীন একটি দল বেশি দিন টিকতে পারে না: হাছান মাহমুদ
-
হাছান মাহমুদ
বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বিরোধীদল বিএনপি’র প্রতি ইঙ্গিত করে মন্তব্য করেছেন, চেতনা ও আদর্শহীন একটি দল বেশি দিন টিকতে পারে না।
বুধবার (৮ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভায় হাছান মাহমুদ বিএনপি’র নাম উল্লেখ না করে বলেন, তারা ক্ষমতার জন্য রাজনীতি করে, দীর্ঘ দিন ধরে ক্ষমতায় না থাকায় দলের নেতাকর্মীরা হতাশ হয়ে দল ছাড়তে শুরু করেছে। এমন কি তাদের বিশ দলীয় জোট থেকে কয়েকটি দল পালাতে শুরু করেছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের সমালোচনা করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, দুর্নীতির মামলায় তাদের শীর্ষ এক নেতা দন্ড নিয়ে কারাগারের, অপর নেতা দন্ড নিয়ে বিদেশে পালিয়ে বেড়াচ্ছে। হাছান মাহমুদ বলেন, যুদ্ধের ময়দান থেকে কয়েক হাজার মাইল দুরে বসে নির্দেশনা পাঠাচ্ছে তারেক রহমান, ময়দানে যুদ্ধরতরা এই নির্দেশনা সঠিক নয় বলছে।
আওয়ামী লীগের এই নেতা বলেন,আসলে যারা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য জঙ্গিদের সহযোগিতা নিয়ে গ্রেনেড হামলা করে তারা রাজনৈতিক দল হতে পারে না। বিএনপিকে কানাডার আদালতেও সন্ত্রাসী দল হিসেবে রায় দিয়েছে। তারা ক্রমাগত সন্ত্রাসী কর্মকান্ড করে যাচ্ছে।এটা সন্ত্রাসী দল।
তথ্যমন্ত্রী উল্লেখ করেন, দলের জন্মটা ভালো না হলেও অনেকে মনে করেছিল ভালো নেতৃত্বের মাধ্যমে ভালো কিছু পাওয়া যাবে। তাই, নেতৃত্বে পরিবর্তন এনে সন্ত্রাসী তকমা মোছার পরামর্শ দেন হাসান মাহমুদ। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সামসুল হক টুকু, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার প্রমূখ।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/৮