শফিক রেহমানের গ্রেফতার সরকারের চরম স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ: খালেদা
https://parstoday.ir/bn/news/bangladesh-i7024-শফিক_রেহমানের_গ্রেফতার_সরকারের_চরম_স্বেচ্ছাচারিতার_বহিঃপ্রকাশ_খালেদা
বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, তার মুক্তি দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে গ্রেফতার সরকারের চরম স্বেচ্ছাচারিতারই বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৬, ২০১৬ ১৫:২৭ Asia/Dhaka
  • খালেদা জিয়া ও শফিক রেহমান
    খালেদা জিয়া ও শফিক রেহমান

বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, তার মুক্তি দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে গ্রেফতার সরকারের চরম স্বেচ্ছাচারিতারই বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তিনি।

বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়া আরও বলেন, বর্তমান ভোটারবিহীন অবৈধ সরকার কষ্টার্জিত বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের জনগণের বিরুদ্ধে এখন যুদ্ধ শুরু করেছে। সরকারের অপকীর্তি ও লাগামহীন দুর্নীতির কারণে পায়ের নীচের মাটি সরে যাওয়ায় দিশেহারা হয়ে দেশকে নিক্ষেপ করা হচ্ছে এক ভয়ংকর অতল গভীর খাদে। মানুষের ভোটাধিকার হরণের পর বাকস্বাধীনতাও কেড়ে নেয়া হয়েছে। সাংবাদিকদের কণ্ঠরোধ করতে তাদের ওপর চলছে দলন-পীড়ন। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সাজানো মিথ্যা মামলায় জড়িয়ে দেশের প্রথিতযশা সাংবাদিক এবং সম্পাদকদেরও গ্রেফতার ও নির্যাতন করা হচ্ছে। অনির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী এখন দেশের স্পষ্টভাষী ও সত্য উচ্চারণে অকুণ্ঠ বিদ্ব্যৎজনদেরকেও নির্মুলের মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে তার পছন্দের আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সংখ্যক সদস্যদের দিয়ে।

তিনি আরো বলেন, শফিক রেহমান সত্য উচ্চারণে অবিচল ও সাহসী এক কলমযোদ্ধা। সেই কারণে তাকে কব্জা করতে না পেরে গ্রেফতার করা হয়েছে, এটি সরকারের চরম স্বেচ্ছাচারিতারই বহিঃপ্রকাশ। দেশে আজ সম্মানী ব্যক্তি ও সুধীজনদের মানহানী, গ্রেফতার করে কণ্ঠরোধ এবং নির্যাতনের মাধ্যমে তাঁদের নির্বাক করার হীন অপচেষ্টার কোনো অন্ত নেই। এটাই বর্তমান সরকারের সাধারণ বৈশিষ্ট্য।

অপর এক বিবৃতিতে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র অধ্যাপক এম এ মান্নানকে গ্রেফতারেরও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান খালেদা জিয়া। অবিলম্বে অধ্যাপক এম এ মান্নান এর বিরুদ্ধে দায়ের করা সাজানো মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবিও করেন তিনি।# (আবদুর রহমান খান/আশরাফুর রহমান)